ভুবনেশ্বর: পুরোহিত মন্ত্রোচ্চারণ করছেন। অগ্নিসাক্ষী রেখে একের পর এক নিয়ম মেনে সম্পন্ন হচ্ছে বিয়ে। এটাই চেনা ছবি। তবে একটু অন্যপথে হাঁটলেন ওড়িশার যুগল। মালাবদলের পর দেশের সংবিধানকে সাক্ষী রেখে একসঙ্গে নতুন জীবনে চলার শপথ নিলেন প্রীতিপান্না মিশ্র ও বি ভানু তেজা। এখানেই শেষ নয়। রক্তদান করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছে বর-কনের আবেদন, ‘উপহার নয়, রক্তদান করুন।’ সেই ডাকে সাড়া দিয়ে বেশ কয়েকজন আমন্ত্রিতও রক্তদান করেন। মোট ১৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে ওই বিয়েবাড়ি থেকে। ঘটনাটি ওড়িশার বেরহামপুরের।



