Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অধ্যাপকের থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

অধ্যাপকের থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: সকালে সব্জি বাজার করতে গিয়ে পকেট থেকে চুরি গিয়েছিল মোবাইল। পরে ব্যাঙ্ক থেকে উধাও প্রায় ১৫ লক্ষ টাকা। এমনই অভিযোগ নিয়ে পুলিসের দ্বারস্থ হলেন মানবাজারের পাথরমাহড়া গ্রামের ক্ষীরোদচন্দ্র মাহাত। তিনি পুরুলিয়ার কাশীপুরের মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যাপক। পুলিস অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর মানবাজার কৃষক বাজার থেকে ওই অধ্যাপকের ফোন চুরি যায়। তিনি মানবাজার থানায় ফোন চুরির লিখিত অভিযোগ জানান। দু’-একদিন পর তিনি জানতে পারেন তাঁর দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষ টাকা উধাও।
ক্ষীরোদবাবু বলেন, গত ২৯ সেপ্টেম্বর মানবাজার কিষান মান্ডিতে সব্জি বাজার করতে গিয়েছিলাম। কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাজার করছিলাম। সব্জি কেনার সময় আমার বাঁ পায়ে এক ব্যক্তি পা দেয়। সে আমার কাছে এসে দাঁড়ানোয় আমি অতটা খেয়াল করিনি। তারপর দেখি হঠাৎ গান বন্ধ হয়ে গেল। পকেটে মোবাইল খুঁজতেই দেখি মোবাইল নেই। এনিয়ে মানবাজার থানায় অভিযোগ জানাই। ওই মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক ছিল এবং ইউপিআইও করতাম। ২ নম্বর নতুন সিম চালু করার পর বুঝতে পারি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দুষ্কৃতীরা পাঁচ লক্ষ ২২ হাজার টাকা এবং অন্য একটি অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ ৮০ হাজার টাকা তুলে নিয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকা হারিয়ে ৩ অক্টোবর পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাই। কিন্তু, কোনও টাকা ফেরত পাইনি। তাই ফের রবিবার মানবাজার থানায় লিখিত অভিযোগ করি।
সম্পর্কিত সংবাদ