Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অধীরের প্রশংসা ভরতপুরের তৃণমূল বিধায়কের

অধীরের প্রশংসা ভরতপুরের তৃণমূল বিধায়কের
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে প্রশংসায় ভরালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অধীরদার কোনও ব্যক্তিগত ক্ষতি কোনও দিন চাইতে পারব না। অধীরদার প্রতি আমার দুর্বলতা রয়েছে, কৃতজ্ঞতা রয়েছে। তিনি আমাকে খুব ভালো করেই চেনেন। এদিন জেলা নেতৃত্বকে আবারও নিশানা করেছেন হুমায়ুন। যদি হুমায়ুনের এই বক্তব্যকে কোনও ধর্তব্যের মধ্যে আনছে না জেলা নেতৃত্ব। শনিবার তিনি জেলা তৃণমূল নেতৃত্ব সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা জেলা সভাপতি হয়ে ও চেয়ারম্যান হয়ে বসে আছে, তারা কদিন কোন বুথের খোঁজ রাখে? তাদের আবার কিছু চামচাও আছে। তারা শুধু হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে উল্টোপাল্টা কমেন্ট করে। তারা মনে করে দলের হিরো হয়ে বসে থাকব। কিন্তু, আমি কারও তল্পিবাহক হয়ে চলিনি, চলব না। হুমায়ুনের এই বক্তব্যের পাল্টা বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বলেন, হুমায়ুনের বক্তব্যকে আমরা কোনও ধর্তব্যের মধ্যে আনছি না। উনি একবার বলছেন, তারপর আবার ক্ষমা চাইছেন। তারপর আবার বলছেন। কখন কী করছেন তাঁর মর্জির ব্যাপার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দল পরিচালনা করছেন, তাঁদের নির্দেশ মতো আমরা দল চালাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ