নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে অচেনা লোকেদের দেওয়া চকোলেট খেয়ে তিন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ল। তারা কোলাঘাটের উত্তর পাকুড়িয়া প্রাইমারি স্কুলের ছাত্র। কারা তাদের চকোলেট দিয়েছে, তা এখনও জানা যায়নি। স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি প্রশাসনের নজরে এনেছে। এরপরই কোলাঘাট-১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুপ্রতীম গায়েন এক বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে, যাওয়া-আসার পথে, কিংবা স্কুলে থাকাকালীন কোনও পড়ুয়া যেন অচেনা কারও দেওয়া চকোলেট, খাবার না খায়। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের এব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। সুপ্রতীমবাবু বলেন, মঙ্গলবারের ঘটনার পর আমি নোটিস দিয়েছি। ওই পড়ুয়াদের মেয়াদ ফুরানো চকোলেট দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। তবে কারা দিয়েছিল সেটা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি নিয়ে সতর্কতা প্রয়োজন। তাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।



