Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা পরিষদের শৌচাগারের উপর তৃণমূল নেতার মার্কেট কমপ্লেক্স তৈরি রুখলেন ওসি

জেলা পরিষদের শৌচাগারের উপর তৃণমূল নেতার মার্কেট কমপ্লেক্স তৈরি রুখলেন ওসি
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: জেলা পরিষদের সাড়ে ছ’লক্ষ টাকা খরচে তৈরি কমিউনিটি টয়লেটের উপর মার্কেট কমপ্লেক্স গড়ে তুলছিলেন তৃণমূল নেতা। খবর পেয়ে থানার ওসি গিয়ে সেই নির্মাণ কাজ বন্ধ করে দিলেন। দীঘাগামী ১১৬বি জাতীয় সড়কের ধারে ভূপতিনগর থানার ঝিনুকখালি বাজারের ঘটনা। চার বছর আগে তৃণমূল নেতা দেবাশিস মালের এনওসি পেয়ে তাঁর জমির উপর পুরুষ ও মহিলাদের জন্য কমিউনিটি টয়লেট বানিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। নির্মাণের জন্য প্রায় সাড়ে ছ’লক্ষ টাকা খরচ হয়। সেই শৌচাগার ও লাগোয়া আটটি স্টলের উপর দোতলায় মার্কেট কমপ্লেক্স বানিয়ে ভাড়ায় খাটানোর পরিকল্পনা নিয়েছিলেন দেবাশিসবাবু। কিন্তু, রবিবার সকাল ১১টা নাগাদ ভূপতিনগর থানার ওসি শেখ মহম্মদ মহিউদ্দিন নিজে ঘটনাস্থলে গিয়ে সেই কাজ বন্ধ করে দিলেন।

Advertisement

জানা গিয়েছে, দেবাশিসবাবু ভগবানপুর-২ব্লকের গড়বাড়ি-১অঞ্চল তৃণমূলের সম্পাদক। তাঁর স্ত্রী সবিতা মাল ঝিনুকখালির তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। স্ত্রী পঞ্চায়েত সদস্যা হওয়ার সুবাদে গ্রাম পঞ্চায়েতকে ম্যানেজ করে ওই নির্মাণ কাজ হচ্ছিল বলে অভিযোগ। জেলা পরিষদের শৌচাগারের উপর এভাবে নির্মাণকাজ বেআইনি বলে স্থানীয়দের অভিযোগ। বিজেপি নেতা অরিন্দম আদক এনিয়ে প্রশাসনিকস্তরে অভিযোগ দায়ের করেন। জেলা পরিষদের তরফে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য ভূপতিনগর থানার পুলিসকে পদক্ষেপ নিতে বলা হয়। সেইমতো থানার ওসি নিজে গিয়ে কাজ বন্ধ করে দেন।
স্থানীয়রা বলেন, শৌচাগার ও লাগোয়া স্টলের উপর মার্কেট কমপ্লেক্স বানিয়ে তা ভাড়ায় খাটানোর পরিকল্পনা নিয়েছিলেন দেবাশিসবাবু। সেক্ষেত্রে ওই শৌচাগার নিজের ভাড়াটিয়াদের কাজেই লাগানোর পরিকল্পনা ছিল। সম্ভবত আগাম সেই পরিকল্পনা থেকেই জেলা পরিষদকে কমিউনিটি শৌচাগার বানানোর এনওসি দিয়েছিলেন। এনওসি দেওয়ার পর সেই শৌচাগারের উপর কোনওরকম নির্মাণ করা যায় না। সেটিকে ব্যক্তিগত কাজে লাগানোর সে মতলব ছিল, তা পুলিস ভেস্তে দিয়েছে।
গড়বাড়ি-১গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান স্বপন দাস বলেন, দেবাশিসবাবুকে মার্কেট কমপ্লেক্স তৈরির অনুমতি গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়নি। সম্ভবত জেলা পরিষদ থেকেই অনুমতি দেওয়া হয়। তৃণমূল নেতা দেবাশিসবাবু বলেন, ওই শৌচাগার কিসমত বাজকুল মৌজায়  এক ব্যক্তির জায়গার উপর হওয়ার কথা ছিল। কিন্তু, তিনি জায়গা দিতে রাজি না হওয়ায় আমি নিজের জায়গার উপর শৌচাগার বানানোর অনুমতি দিই। লাগোয়া সাত-আটটি স্টল আছে। সেগুলি ভাড়ায় দেওয়া আছে। দোতলায় আরও কিছু স্টল করার জন্য নির্মাণ কাজ চলছিল। শৌচাগারের উপরও নির্মাণ কাজ হচ্ছিল। রবিবার থানা থেকে পুলিস এসে সেই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।
ভূপতিনগর থানার ওসি বলেন, জেলা পরিষদের তৈরি শৌচাগারের উপর বেআইনিভাবে মার্কেট কমপ্লেক্স হচ্ছিল। অভিযোগ পেয়ে সেই কাজ বন্ধ করা হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ