সংবাদদাতা, রঘুনাথপুর: কোল ইন্ডিয়ার সাঁওতালডিহির ভোজুডি কোল ওয়াশারিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলে সোমবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে জয়েন্ট ফোরাম কমিটি। এদিন সিপিএমের শ্রমিক সংগঠন সিটু এবং এসইউসির এআইইউটিউসি, এই দুই সংগঠন যৌথভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। কর্মসূচিতে এলাকার শতাধিক শ্রমিক শামিল হয়েছেন। জানা গিয়েছে, এক সময়ে সাঁওতালডিহির ভোজুডি ভারতের ১ নম্বর ওয়াশারি ছিল। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কোলিয়ারি ও খাদান থেকে কয়লা তুলে ওয়াশারিতে আনা হতো। তারপর সেই কয়লা ওয়াশ করা হতো। ওয়াশ করা কয়লা ভারতের বিভিন্ন স্টিল কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রে যেত। কিন্তু ওয়াশারির পুরনো ইউনিটটি প্রায় ২ বছর ধরে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এদিকে ওয়াশারির জমিতেই পুরনো ইউনিটের পাশে কয়েক হাজার কোটি টাকা খরচ করে কোল ইন্ডিয়া নতুন একটি ইউনিট তৈরি করছে। আশঙ্কা করা হচ্ছে, সেই ইউনিটটি তৈরি করে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। সেক্ষেত্রে বেসরকারি সংস্থা শ্রমিক স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত নিতে পারে। সেই আশঙ্কাতেই ভুগছেন শ্রমিকরা।
Advertisement
অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া সিটুর প্রতিনিধি দীপক মাহাত এবং এআইইউটিউসির প্রতিনিধি অশোক তেওয়ারি বলেন, কোল ওয়াশারি বেসরকারি সংস্থার হাতে চলে গেলে শ্রমিকদের ভবিষ্যত সুরক্ষিত থাকবে না। ইতিমধ্যেই নতুন ইউনিট তৈরি করতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক দুর্ঘটনার কবলে পড়েছেন। তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ পর্যন্ত দেওয়া হয়নি। শুধু তাই নয়, নতুন ওয়াশারি চালু হয়ে গেলে শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন, পিএফ কোনও কিছুই দেওয়া হবে না। তাই আমরা দাবি রেখেছি নতুন ইউনিট নয়, পুরনো ইউনিটকেই সংস্কার করে ওয়াশারি চালু করতে হবে। কোনও বেসরকারি সংস্থার হাতে ওয়াশারি তুলে দেওয়া চলবে না। কেন্দ্রীয় সরকারকেই ওয়াশারি চালাতে হবে। বিষয়টি নিয়ে ওয়াশারি কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।



