সংবাদদাতা, পুরুলিয়া: অবসরের দিনে স্কুলের গ্রন্থাগারের জন্য এক লক্ষ টাকা দান করার কথা জানালেন বিদায়ী প্রধান শিক্ষক। পুরুলিয়ার হুড়া ব্লকের লক্ষ্মণপুর যোগদা সৎসঙ্গ ক্ষীরোদাময়ী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রহ্লাদ মাহাত বিদায়ী অনুষ্ঠানে একথা ঘোষণা করেন। বর্তমানে ওই স্কুলের টিআইসির দায়িত্ব পেলেন সহশিক্ষক প্রশান্ত দত্ত।
Advertisement
স্কুল সূত্রে জানা গিয়েছে, ২০১১ সাল থেকে লক্ষ্মণপুরের স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন প্রহ্লাদবাবু। এর আগে বান্দোয়ানের এএনঝাঁ হাইস্কুলে সহশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অবসরের দিনে তিনি বলেন, স্কুলের লাইব্রেরির জন্য এক লক্ষ টাকা দেওয়ার কথা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি। স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিনের বিদায়ী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের হাই স্কুলের প্রায় ২০ জন প্রধান শিক্ষক হাজির ছিলেন।



