Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অবসরপ্রাপ্তদের জন্য ২৫ লক্ষ পেনশন ফান্ডে রাখবে পুরসভা

অবসরপ্রাপ্তদের জন্য ২৫ লক্ষ পেনশন ফান্ডে রাখবে পুরসভা
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাস পয়লায় অবসরপ্রাপ্ত কর্মীদের যাতে পেনশন দিতে সমস্যা না হয়, তারজন্য নিজস্ব তহবিল থেকে ২৫ লক্ষ টাকা পেনশন ফান্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার পুরসভা। এছাড়া শহরের উন্নয়নের জন্য নিজস্ব ফান্ড থেকে ১ কোটি টাকা ফিক্সড করারও সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। গত ২৯ জানুয়ারি মাসিক বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত পুরসভা নিয়েছে। পুরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। 
Advertisement
আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, অবসরপ্রাপ্ত কর্মীরা নিয়মিত পেনশন পান। তাঁদের পেনশন নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। তবে পেনশন নিয়ে ভবিষ্যতে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, তার জন্যই বোর্ড মিটিংয়ে পুরসভার নিজস্ব তহবিল থেকে ২৫ লক্ষ টাকা পেনশন ফান্ডে রাখার প্রস্তাব নেওয়া হয়েছে। 
পুর চেয়ারম্যান আরও বলেন, পাশাপাশি পুরসভার নিজস্ব ফান্ড থেকে এক কোটি টাকা ফিক্সড করারও প্রস্তাব নেওয়া হয়েছে বোর্ডের মিটিংয়ে। ফিক্সডের সুদের টাকায় ভবিষ্যতে শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের ৪০ শতাংশ টাকা দেওয়া হয় রাজ্য সরকার থেকে। বাকি ৬০ শতাংশ টাকা দেওয়া হয় পুরসভা থেকে। গ্র্যাচুইটির জন্য পুরসভার নিজস্ব তহবিল থেকে নিয়মিত ছয় বা তার অধিক শতাংশ টাকা রাখতেই হয় পেনশন ফান্ডে। যাতে পুরসভার পেনশনার্স হোল্ডারদের প্রতি মাসে পেনশনের টাকা দিতে কোনও সমস্যা না হয়। 
এদিকে, আলিপুরদুয়ার পুরসভার এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত কর্মীরা। আলিপুরদুয়ার পুরসভায় বর্তমানে ৫২ জন অবসরপ্রাপ্ত কর্মী আছেন। আলিপুরদুয়ার মিউনিসিপ্যাল পেনশনার্স অ্যান্ড ফ্যামিলি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম দাস বলেন, আমরা খবর পেয়েছি পুরসভা নিজস্ব তহবিল থেকে পেনশন হোল্ডার ফান্ডে ২৫ লক্ষ টাকা রাখার প্রস্তাব নিয়েছে বোর্ডের মিটিংয়ে। আমরা পুরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এতে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের টাকা না পাওয়ার অহেতুক দুশ্চিন্তা কমবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ