সংবাদদাতা, বালুরঘাট: যাত্রী নামিয়ে কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল ফাঁকা ফারাক্কা এক্সপ্রেস। সে সময় ঘটে গেল দুর্ঘটনা। মূল লাইন থেকে পিট লাইনে ঢোকার সময় লাইনচ্যুত হল ট্রেনের ইঞ্জিন। যার জেরে সোমবার দুপুরে সাময়িকভাবে উত্তেজনা ছড়াল বালুরঘাট স্টেশনে।

এদিন দুপুর ১২টার কিছুক্ষণ পর বালুরঘাট স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস পৌঁছয়। নিয়ম অনুযায়ী সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়ার পর ফাঁকা ট্রেনটিকে পরিষ্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নির্দিষ্ট স্থানে। সে সময় ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিনের চাকা হঠাৎ লাইন থেকে ছিটকে যায়। যার ফলে সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। রেললাইনে সমস্যার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। যদিও ঠিক কী কারণে ইঞ্জিনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
রেল সূত্রে খবর, আজ বিকেল ৫ টায় বালুরঘাট থেকে দিল্লির উদ্দেশে ফারাক্কা এক্সপ্রেস ছাড়ার কথা। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনার জেরে ট্রেনটি নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।