Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

থানায় হাজিরা হুমায়ুন কবিরের, অডিয়ো কাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ

জল্পনার অবসান। বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত অডিয়ো কাণ্ডে বহরমপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির।

থানায় হাজিরা হুমায়ুন কবিরের, অডিয়ো কাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৫
Prefer us on Google

বহরমপুর, ২১ সেপ্টেম্বর: জল্পনার অবসান। বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত অডিয়ো কাণ্ডে বহরমপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। গত শনিবার এই মামলায় তাঁকে নোটিস পাঠিয়েছিল বহরমপুর থানা। আজ, সোমবার সকালে হাজিরা দিতে বলা হয়। সেই অনুযায়ী এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ বহরমপুর থানায় এলেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) চেয়ারম্যান তথা নওদার বিধায়ক। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।

Advertisement

রেজিনগর উপ নির্বাচনের আগে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাবরি মসজিদ। এবার এই মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চক্রান্ত সামনে এসেছে। ভাইরাল একটি অডিয়ো সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে। যেখানে দু’জনকে বলতে শোনা যায়, ‘বাবরি মসজিদ চত্বরে সিসি ক্যামেরা বন্ধ করে কয়েকটি বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হলে ভাল হয়। তাহলে গন্ডগোল বেধে যাবে।’ যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’।  

পুলিশের বক্তব্য, ভাইরাল এই অডিয়োর একজন বক্তা সরফরাজ নামাজ চৌধুরী। যাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি নওদার টুঙ্গি গ্রামে। বহরমপুরের নিরুপমাদেবী রোডেও তাঁর বাড়ি আছে। অপর প্রান্তে থাকা ব্যক্তির কণ্ঠস্বর মুর্শিদাবাদের এক রাজনৈতিক নেতার বলেই মনে করছে পুলিশ। সূত্রের খবর, ধৃত সরফরাজ নামাজ চৌধুরীকে জেরা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হুমায়ুনকে নোটিস পাঠায় পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ