Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবশেষে পুরুলিয়া বাসস্ট্যান্ডের সংস্কারের কাজ শুরু, খুশি যাত্রীরা 

অবশেষে পুরুলিয়া বাসস্ট্যান্ডের সংস্কারের কাজ শুরু, খুশি যাত্রীরা 
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: অবশেষে নরকযন্ত্রণা থেকে রেহাই মিলতে চলেছে নিত্যযাত্রীদের। বহু বছর পর পুরুলিয়া বাসস্ট্যান্ড সংস্কার হতে চলেছে। সোমবার আনুষ্ঠানিকভাবে পুরুলিয়া বাসস্ট্যান্ড সংস্কারের কাজ শুরু হল। এদিন কাজের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি। অন্যান্য কাউন্সিলার ও পুরসভার ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। 
Advertisement
পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে সাড়ে তিনশোর বেশি বাস যাতায়াত করে। জেলার বিভিন্ন প্রান্ত তো বটেই, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, বিহারে যাওয়ার বাসও মেলে এখান থেকে। পুরুলিয়ায় ট্রেন যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত না হওয়ায় বাসই ভরসা অধিকাংশ মানুষের। দৈনিক গড়ে ১৫-২০হাজার যাত্রী বাসস্ট্যান্ড ব্যবহার করেন। অথচ, এরকম গুরুত্বপূর্ণ একটি বাসস্ট্যান্ড দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বেহাল অবস্থাতেই পড়ে ছিল। বাসস্ট্যান্ডজুড়ে শুধুই ছোট-বড় গর্ত। বৃষ্টি হলেই তাতে জল জমে। কাদায় প্যাচপ্যাচ করে। গর্তের উপর দিয়েই ছুটে যায় বাসের চাকা। নোংরা জল ছিটকে লাগে যাত্রীদের গায়ে। নিকাশি নালা থাকলেও তা আবর্জনায় বুজে গিয়েছে। জমা জল বের হওয়ারও কোনও উপায় নেই। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে থাকা বাসস্ট্যান্ডের এবার শ্রী ফিরতে চলেছে।
পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ড নিয়ে এখনও জমিজট রয়েছে। বাসস্ট্যান্ড কখনও জেলা প্রশাসন, কখনও পুরসভার অধীনে থেকে এসেছে। বর্তমানে বাসস্ট্যান্ড পরিচালনার দায়িত্বে রয়েছে পুরসভা। পুরসভার দাবি, দীর্ঘদিনের চেষ্টায় বাসস্ট্যান্ডের সংস্কার হতে চলেছে। পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি বলেন, বাসস্ট্যান্ড সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করে আসছিলাম। আমাদের অনুরোধে বছরখানেক আগে বাসস্ট্যান্ড সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। তিনিই আমাদের প্রকল্পের ডিপিআর করে জমা দিতে বলেন। বাসস্ট্যান্ড সংস্কারের জন্য এক কোটি ৪৬লক্ষ ৮১হাজার টাকা মঞ্জুর হয়। মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটকে প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে। এবছরের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছি। বাস চলাচল স্বাভাবিক রেখে কীভাবে বাসস্ট্যান্ড সংস্কার করা হবে? এনিয়ে চেয়ারম্যানের দাবি,  আমরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনকে এনিয়ে একটা চিঠি করেছি। বাসস্ট্যান্ডে যাতে অহেতুক বাস দাঁড়িয়ে না থাকে সেই আবেদন জানানো হয়েছে। যখন বাসের সময়, শুধুমাত্র সেই সময়েই বাসগুলি স্ট্যান্ডে আসবে, যাত্রী তুলে বেরিয়ে যাবে। ভাটবাঁধের কাছে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের একটা জায়গা আছে। এছাড়াও রাঁচি রোডে গভর্নমেন্ট গার্লস স্কুলের বিপরীতে একটা জায়গা আছে। যতদিন সংস্কারের কাজ হবে সেখানেই বাস দাঁড়িয়ে থাকবে।
সম্পর্কিত সংবাদ