Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবশেষে বদলি হাসপাতালের মেডিক্যাল অফিসার   

অবশেষে বদলি হাসপাতালের মেডিক্যাল অফিসার 
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতালে মেডিক্যাল অফিসার ডাঃ অমিত দত্তকে বদলি করা হল। প্রায় দেড় মাস আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃতদেহ লেবার রুম থেকে উধাও হয়ে যায়। সেই মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিশেষ তদন্তকারী দল করে ঘটনার তদন্ত করেন। তার আগে সেই ঘটনার সময় শিলিগুড়ি জেলা হাসপাতালের আংশিক সময়ের সুপার ডাঃ অমিত দত্তকে শো-কজ করা হয়। এরপর তদন্ত কমিটির রিপোর্ট জমার পর পদক্ষেপ শুরু করে জেলা স্বাস্থ্যবিভাগ। প্রথমেই সংশ্লিষ্ট দপ্তরে বেশ কয়েকজন কর্মীকে বদলি করা হয়। সেই সঙ্গে হাসপাতালে সুপার ডাক্তার চন্দন ঘোষকে সতর্ক করা হয়। শেষ পদক্ষেপ হিসেবে সম্প্রতি সেই সময় সুপারের দায়িত্বে থাকা ডাঃ অমিত দত্তকে চেস্ট ক্লিনিকে বদলি করা হয়েছে।
Advertisement
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক বলেন,  ঘটনার পরপর বেশ কিছু কারণে ডাঃ অমিত দত্তকে শো-কজ করা হয়েছিল। সেই সময় তিনি হাসপাতালে সুপারের দায়িত্বে ছিলেন। তাঁর উত্তর সন্তোষজনক না হওয়ায় তদন্ত কমিটির  সুপারিশমতো তাকে বদলি করা হয়েছে। 
যদিও বদলির সিদ্ধান্তে বিচলিত নন ডাঃ অমিত দত্ত। তিনি বলেন, আমি ছুটিতে রয়েছি। আগামী ১জানুয়ারি কাজে যোগ দেব। আমি সরকারি চাকরি করি। সরকার যখন যেখানে আমাকে যেতে বলবে, সেখানে কাজ করব। 
জেলার এক স্বাস্থ্যকর্তা বলেন, শিলিগুড়ি জেলা হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবা বজায় রাখার জন্য আমরা বধ্য পরিকর। তাই  কোনও অংশ থেকে ষড়যন্ত্র হচ্ছে কি না, সেই দিকটি তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্ট ও সুপারিশ  মতো পদক্ষেপ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ