নিজস্ব প্রতিনিধি, বারাসত: ট্রেনের মধ্যে বছর পনেরোর এক কিশোরীকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক যুবককে নামিয়ে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল ওই কিশোরীর পরিবার। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসত-বনগাঁ শাখার দত্তপুকুর স্টেশনে। বনগাঁ জিআরপি অভিযুক্তকে গ্রেফতার করেছে। ট্রেনে অশ্লীলতার ঘটনায় নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন রেলযাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মধ্যমগ্রাম থেকে স্ত্রী এবং মেয়েকে নিয়ে দত্তপুকুরে যান এক ব্যক্তি। তিনি স্কুটার কিনবেন বলে সেখানে একটি শোরুমে গিয়েছিলেন। ফেরার সময় তাঁরা দত্তপুকুর থেকে ট্রেনে উঠেছিলেন। দম্পতির মেয়ে জানালার ধারে বসেছিল। উলটোদিকেই বসেছিলেন বাবা-মা। অভিযোগ, ওই সময় এক যুবক ট্রেনের গেটে দাঁড়িয়ে কিশোরীকে লক্ষ্য করে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে। মেয়েটি যেখানে বসেছিল, সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল যুবককে। ট্রেনের দরজায় ওই সময় আর কেউ না থাকায় সুযোগ বুঝে যুবকটি তার যৌনাঙ্গও দেখায় কিশোরীকে। মেয়েটি সঙ্গে সঙ্গে মাকে বিষয়টি জানালে তিনি জানালা দিয়ে উঁকি দিলে তাঁকে লক্ষ্য করেও অশ্লীল অঙ্গভঙ্গি করে সে। পরের তৎক্ষণাৎ ওই দম্পতি যুবকটিকে প্ল্যাটফর্মে নামিয়ে মারধর শুরু করেন। তাঁদের দেখাদেখি অন্য যাত্রীরাও চড়াও হয় ওই যুবকের উপর। হাত-পা বেঁধে চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। যাত্রীরা অভিযুক্ত যুবককে বনগাঁ জিআরপির হাতে তুলে দেন। কিশোরীর মা বলেন, ভরসন্ধ্যায় ট্রেনের মধ্যে মহিলাদের নিরাপত্তা নেই। অভিযুক্ত যুবক ট্রেনের গেটে ঝুলতে ঝুলতে মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। এখন তো দেখছি, ট্রেনে যাতায়াত করাও ভয়ের। মেয়ে একা থাকলে কী হত, বুঝতে পারছি না। আমরা চাই, পুলিশ ওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক। এদিকে, বনগাঁ জিআরপি জানিয়েছে, মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।



