Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অবরোধ উঠতেই সিভিক ভলান্টিয়ার দিল পুলিস

অবরোধ উঠতেই সিভিক ভলান্টিয়ার দিল পুলিস
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুলিসের বিরুদ্ধে মাঝেমধ্যেই অতিসক্রিয়তার অভিযোগ ওঠে। সেসবই নেতিবাচক অর্থে। তবে পুরাতন মালদহে রবিবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল আইনশৃঙ্খলা রক্ষাকারীদের।  ১২ ঘণ্টার মধ্যে জনতার দাবি পূরণ করা হচ্ছে দেখে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা।
Advertisement
ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যারাতে। পুরাতন মালদহের শিমূলডাব এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম জোনা সরেন (২৪ )। বাড়ি হরিরামপুর বালিয়া নবাবগঞ্জ এলাকায়। স্থানীয়দের দাবি, বেপরোয়া গাড়ির ধাক্কাতেই তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় যুবককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এলাকার তরতাজা যুবকের প্রাণহানিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।  মৃত্যুর খবর পাওয়ার পরই বিক্ষুব্ধ আদিবাসীরা নেমে আসেন রাস্তায়। তাঁরা পথে লাইট, সিভিক ভলান্টিয়ার এবং ব্যারিকেড দেওয়ার দাবিতে আড়াই ঘণ্টার বেশি সড়ক অবরোধ করে রাখেন। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হওয়ায় ঘটনাস্থলে পৌঁছন মালদহ থানার উচ্চপদস্থ কর্তা সহ বিশাল পুলিস বাহিনী। ডিএসপি (ট্রাফিক) শ্যামল চন্দ্র দাস সহ অন্য আধিকারিকরা বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলতে অনেক চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধরা তাঁদের দাবি থেকে সরেননি। থানার প্যাডে সমস্যাগুলির সমাধানের লিখিত প্রতিশ্রুতি না পেলে অবরোধ তুলবেন না বলে অনড় থাকেন সবাই। শেষে পুলিস সাদা কাগজে লিখিত দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাস্তা থেকে সরে যান বাসিন্দারা। তবে, একাংশ দাবি করেছেন, পুলিস লিখিত অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে, তা তাঁরা খুব একটা আশা করেননি। কিন্তু রবিবার বেলা ১২টার দিকে তাঁদের ভুল ভাঙে। ১২ ঘণ্টার ব্যবধানে প্রতিশ্রুতি অনুযায়ী পুলিস ওই সড়কে সিভিক ভলান্টিয়ারকে পোস্টিং দেয়। এবং রাস্তার দুই দিকে দুটি পথবাতি বসিয়েছে। ব্যরিকেড দিয়ে করা হচ্ছে যান নিয়ন্ত্রণও।
বিক্ষুব্ধ বাসিন্দা সুনীল সোরেনের কথায়, আমাদের পাড়ার জামাই খেলা দেখতে এসেছিল। বাড়ি ফিরে যাওয়ার সময় তাকে গাড়ি ধাক্কা দিয়েছে। ওই সড়কে যান নিয়ন্ত্রণ না হওয়ার জন্যই বারবার দুর্ঘটনা ঘটে। আমরা আড়াই ঘণ্টা অবরোধ করেছিলাম। তবে, প্রতিশ্রুতি অনুযায়ী খুব দ্রুত কাজ করেছে পুলিস। 
মালদহ থানার পুলিস জানিয়েছে, বাসিন্দাদের যাতে সমস্যা না হয়, সেজন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন সহ বিভিন্ন দাবি পূরণ করে দিয়েছি আমরা। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ