সংবাদদাতা, শিলিগুড়ি: ১ নভেম্বর এনজেপি’র রাজাহোলিতে খুনের ঘটনায় অভিযুক্ত সকলে গ্রেপ্তার হয়নি এখনও। সেই গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার মৃত মহম্মদ জহুরীর পরিবার ও প্রতিবেশীরা এনজেপি থানায় বিক্ষোভ দেখায়। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে এদিন তাঁরা থানার সামনে নীরব অবস্থান করেন। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীদের চাহিদা মতো অর্থ দিতে না পাড়ায় জহুরীকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। তবে পুলিসের তদন্তে উঠে এসেছে অন্য ঘটনা। জুয়া খেলা নিয়ে বিবাদের জেরেই খুন হন মহম্মদ জহুরী। ঘটনায় ১০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস প্রথমে একজন পরে দু’জনকে গ্রেপ্তার করে। অভিযোগ, এই ঘটনায় যুক্ত বাকিরা গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের গ্রেপ্তার নিয়ে তেমন কোনও আগ্রহ দেখাচ্ছে না পুলিস। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এদিন ফের মৃতের পরিবার এনজেপি থানার সামনে মুখে কালো কাপড় বেঁধে নীরব বিক্ষোভ প্রদর্শন করে। পুলিস জানিয়েছে, তদন্ত সঠিক পথে এগচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।



