Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিষেকের নামে ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি, ধৃত পূর্ব মেদিনীপুরের বাসিন্দা

অভিষেকের নামে ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি, ধৃত পূর্ব মেদিনীপুরের বাসিন্দা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগে পূর্ব মেদিনীপুরের এক যুবককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। ধৃতের নাম মিলন কামালি। পাঁচদিন আগে অভিযুক্তকে গ্রেপ্তার করে খালপাড়া ফাঁড়ির পুলিস। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, কয়েকদিন আগে এক ব্যবসায়ী তোলাবাজির অভিযোগ করেন। তা নিয়ে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শহরের খালপাড়ার বাসিন্দা যশবর্ধন আগরওয়াল পেশায় ব্যবসায়ী। গত ১৫ নভেম্বর তিনি পুলিসের কাছে তোলাবাজির অভিযোগ করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নাম ভাঙিয়ে ফোনে ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে মিলন। নভেম্বর মাসে অভিযুক্ত একাধিকবার ওই ব্যবসায়ীকে ফোনে হুমকি দেয়। এমনকী, ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকাও নেয়। এমন অভিযোগ পেয়েই খালপাড়া ফাঁড়ির পুলিস তদন্তে নামে। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে পুলিস পূর্ব মেদিনীপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ১৭ নভেম্বর আদালতের নির্দেশে পুলিস ধৃতকে হেফাজতে নেয়। বৃহস্পতিবার ফের ধৃতকে আদালতে তোলা হয়। আদালত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ