নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে একের পর এক জটিল অস্ত্রোপচার হচ্ছে। মঙ্গলবার কোচবিহার মেডিক্যালে এক মহিলার ওভারির টিউমার কেটে বাদ দেওয়া হয়েছে। সেই টিউমার ও ফ্লুইডের ওজন প্রায় ৩০ কেজি বলে হাসপাতাল জানিয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে সেই অস্ত্রোপচার হয়েছে। পাঁচজন চিকিৎসক মিলে ওই অস্ত্রোপচার করেছেন। রোগী এখন ভালো আছেন। এমজেএন মেডিক্যালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শ্যামাপ্রসাদ সাহার নেতৃত্বে অস্ত্রোপচারটি হয়েছে।
Advertisement
দিন কয়েক আগেই মেডিক্যাল কলেজে অন্য মহিলার গালের বিরাট আকারের টিউমার অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছিল। বুধবার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শান্তনু বালা, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল, কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকান্ত বিশ্বাস, হাসপাতাল সুপার ডাঃ সৌরদীপ রায় জেলাশাসকের দপ্তরে সাংবাদিক সম্মেলন করে টিউমারের সফল অস্ত্রোপচারের কথা জানান।



