Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওভারলোডেড ট্রাক-ডাম্পারের দৌরাত্ম্য, বেলডাঙায় উল্টাল বালির ডাম্পার

ওভারলোডেড ট্রাক-ডাম্পারের দৌরাত্ম্য, বেলডাঙায় উল্টাল বালির ডাম্পার
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জেলাজুড়ে ওভারলোডেড ট্রাক ও ডাম্পারের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। জাতীয় সড়ক ও রাজ্য সড়ক তো আছেই, পাশাপাশি শহর ও গ্রামীণ এলাকার একটু চওড়া রাস্তায় ঢুকে পড়ছে বালি বোঝাই গাড়ি। যার ফলে দুর্ঘটনা ঘটছে অহরহ। ওভারলোডিং বন্ধের ক্ষেত্রে প্রশাসনের তৎপরতা খুবই কম, এমনই অভিযোগ তুলছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে বেলডাঙা থানার অন্তর্গত বেগুনবাড়ি এলাকায় ভাঙা সাঁকোর সামনে একটি বালি ভর্তি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যার ফলে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিস পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। 
Advertisement
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ডাম্পারটিতে ওভারলোড করা বালি ছিল। রাস্তা ভালো থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়। রাস্তা ফাঁকা ছিল বলেই রক্ষে। না হলে বড় বিপদ ঘটে যেত। 
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ওভারলোডিং বন্ধের জন্য পদক্ষেপ করা হয়। মোটর ভেহিকেল অফিসারদের সঙ্গে আমরা যৌথভাবে অভিযান চালাই। জেলায় যে যে রাস্তা দিয়ে ওভারলোডেড গাড়ি প্রবেশ করে, সেই সমস্ত জায়গায় মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। বহু গাড়িকে ধরে ফাইন করা হয়। পাশাপাশি ট্রাক ও ডাম্পার আটক করা হয়। 
এমভিআই ও পুলিসি ধরপাকড় চলা সত্ত্বেও বহাল তবিয়তে কিছু ট্রাক চালক ওভারলোডিং চালিয়ে যাচ্ছে। নবগ্রামে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা এক ট্রাক চালক রেজাউল শেখ বলেন, তেলের দাম যে হারে বেড়েছে তাতে রাস্তা খরচ বাড়ছে। মালপত্র বহন করে লাভ হয় না। একটু বেশি বালি চাপিয়ে না নিয়ে গেলে কিছুই থাকে না। 
পলসন্ডা এলাকার বাসিন্দা রমেনচন্দ্র মণ্ডল বলেন, জাতীয় সড়কে এমনকী ছোট রাস্তা দিয়েও বালি বোঝাই গাড়ি যাচ্ছে। এত উঁচু করে বালি নিয়ে যাওয়া হচ্ছে যে, তা উড়ে চোখে মুখে ঢুকছে। বালির ট্রাক কিংবা ডাম্পারের পিছনে বাইক চালানোই দুষ্কর হয়ে উঠেছে।  এদিকে এদিন দুপুরে বেলডাঙার ঝুনকার বকুলতলায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়। স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ