নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ রাস্তায় ওভারলোডিং গাড়ি চলছে। তার জেরে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছেন রোড সেফটি কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বহরমপুরের জেলা প্রশাসনিক ভবনে রোড সেফটি বিষয়ক একটি বৈঠক হয়। সেখানে ওভারলোডিং বন্ধের জন্য আরও নজরদারি বাড়ানোর দাবি জানালেন আধিকারিকরা। বৈঠকে জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) দীননারায়ণ ঘোষ, ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির মেম্বার সেক্রেটারি সৌমিত্র দাস সহ পরিবহণ দপ্তরের আধিকারিক এবং জেলা পুলিসের প্রতিনিধিরা হাজির ছিলেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থার কথা উঠে আসে। বিশেষ করে, বহরমপুরের চুনাখালি-জলঙ্গি রাজ্য সড়কে ব্যাপক ওভারলোডিং গাড়ি চলছে বলে আলোচনা হয়। প্রতিদিনই ভোর রাত থেকে বালিবোঝাই ডাম্পার ও ট্রাক ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। বানজেটিয়া এলাকায় প্রায় প্রতিদিনই সকালে ওভারলোডেড বালির গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। গাড়ি থেকে ক্রমাগত বালির জল রাস্তায় পড়ে। যে কারণে রাস্তার বেশ কিছু জায়গা অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন মহকুমায় রাস্তার পাশে জমি দখল করে অনেকেই ব্যবসা শুরু করেছেন। রাস্তার উপরে লোকজন দাঁড়িয়ে সেখানে জিনিসপত্র কিনছেন। যার ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। যানবাহন চলাচলের ক্ষেত্রে ঝুঁকি থাকছে। তার জেরে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। জেলা পুলিস ও প্রশাসনকে এব্যাপারে নজরদারি বাড়াতে হবে বলে আবেদন করেছে রোড সেফটি কমিটি।
Advertisement
বহরমপুরের ভাগীরথীর উপর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতুতে আলোর অভাব রয়েছে। সেখানে দ্রুত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কিছু রাস্তা জল জমে থাকার কারণে খারাপ হয়ে যাচ্ছে। সেখানে নিকাশি ব্যবস্থা আরও উন্নত কীভাবে করা যায়, তা নিয়ে পর্যালোচনা হয়েছে।
হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার তথা ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির মেম্বার সেক্রেটারি সৌমিত্রবাবু বলেন, ওভারলোডেড গাড়ি চলাচল নিয়ে বিশদে আলোচনা হয়েছে। ওভারলোডেড গাড়ি চলার কারণে বেশ কিছু রাস্তা খুব অল্প সময়েই খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া বেশ কিছু রাস্তায় আমরা আলোর ব্যবস্থা করার জন্য বলেছি। হাইওয়েতে আমরা কয়েকটি কাটিংয়ের ব্যবস্থা করব।