Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওভারব্রিজের কাজ পরিদর্শনে আদ্রায় জেলাশাসক

ওভারব্রিজের কাজ পরিদর্শনে আদ্রায় জেলাশাসক
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার জেলা প্রশাসনের আধিকারিকরা আদ্রার ওভারব্রিজের কাজ পরিদর্শন করলেন। কাজের গতি কতটা এগিয়েছে, সেটা দেখার পাশাপাশি ওভারব্রিজের আশপাশের রাস্তা পরিদর্শন করা হয়। পরিদর্শনে জেলাশাসক রজত নন্দা, রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ সহ ভূমি ও ভূমিসংস্কার, পূর্ত দপ্তর ও রেলের আধিকারিকরা অংশ নেন।
Advertisement
দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে ২০১৯ সালের শেষদিকে আদ্রায় ওভারব্রিজের কাজ শুরু হয়। পরে করোনার জন্য কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পেরোনোর পর রেল কর্তৃপক্ষ ফের কাজ শুরু করে। এখন কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ওভারব্রিজটির কাজ করছে। প্রায় ১১০০মিটার লম্বা ওভারব্রিজের জন্য রাজ্য সরকার ৫৫ কোটি টাকা খরচ করছে। রেল ২৮ কোটি টাকা খরচ করছে।
আদ্রায় ওভারব্রিজ না থাকায় মানুষকে প্রচুর সমস্যায় পড়তে হয়। দীর্ঘক্ষণ ধরে রেলগেট বন্ধ থাকে। তার জেরে ঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পেরে রোগীমৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া, কোথাও দুর্ঘটনা ঘটলে দমকল ঠিকসময়ে পৌঁছতে পারে না। রেলগেট বন্ধ থাকায় অন্য গাড়িচালকদেরও সমস্যায় পড়তে হয়। সেজন্য আদ্রার মানুষ বহুদিন ধরে ওভারব্রিজের দাবি জানিয়ে এসেছে। সেই দাবি পূরণে কাজ চলছে। তবে বাসিন্দারা চাইছেন, তাড়াতাড়ি এই কাজ শেষ করা হোক। জেলাশাসক বলেন, ওভারব্রিজের কাজ ভালো গতিতে চলছে। আশা করছি, আগামী বছর কাজ শেষ হয়ে যাবে। মানুষের সমস্যা মিটে যাবে।
সম্পর্কিত সংবাদ