সংবাদদাতা, লালবাগ: আন্ডারপাস নয়, ওভারব্রিজ তৈরি করতে হবে। এই দাবিতে বুধবার ভগবানগোলা ভূমি উচ্ছেদ কমিটির তরফে সেখানকার রেলস্টেশন সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। পরে ওভারব্রিজ তৈরি সহ বেশ কয়েকটি দাবিতে স্টেশনে একটি স্মারকলিপি দেওয়া হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, মানুষের অসুবিধা করে রেল কোনও কাজ করে না। ভগবানগোলার মানুষের সুবিধার জন্যই আন্ডারপাস তৈরি করা হচ্ছে। স্মারকলিপি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Advertisement
ভগবানগোলার গুঁড়িপাড়ায় ১৬২ ও ১৬৩ নম্বর রেলগেটের মাঝে রেল আন্ডারপাস তৈরি শুরু করেছে। এই আন্ডারপাস নির্মাণ নিয়ে শাসক দল, ভূমি উচ্ছেদ কমিটির পাশাপাশি ভগবানগোলার সর্বস্তরের মানুষ আপত্তি তুলেছেন। তাঁদের দাবি, আন্ডারপাস নয়, ওভারব্রিজ তৈরি করতে হবে। ভূমি উচ্ছেদ কমিটির তরফে আজমল হক বলেন, ভগবানগোলা কৃষিপ্রধান এলাকা। এখানে পাট, ভুট্টার পাশাপাশি প্রচুর সব্জি চাষ হয়। চাষিরা তাঁদের উৎপাদিত ফসল ওই দুই রেলগেট পেরিয়ে জেলার বিভিন্ন প্রান্তের বাজারে নিয়ে যান। আন্ডারপাস করলে পণ্যবোঝাই লরি বা ট্রাক তার ভিতর দিয়ে যেতে পারবে না। বর্ষার কয়েকমাস আন্ডারপাস জলমগ্ন হয়েও থাকবে। ফলে আন্ডারপাসের দু’দিকের গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই আন্ডারপাস নির্মাণ বন্ধ করে ওভারব্রিজ তৈরির দাবিতে আমরা সরব হয়েছি। এদিন ভগবানগোলা স্টেশন সুপারের মাধ্যমে পূর্ব রেলের ডিআরএমকে স্মারকলিপি দেওয়া হয়েছে। শাসকদল সহ সর্বস্তরের মানুষ আমাদের পাশে রয়েছেন।



