সংবাদদাতা, বেলদা: অভিনেতা বিশ্বনাথ বসুর উপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের বুধবার দাঁতন আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। গত শনিবার রাতে বেলদা থানার পাহাড়ীচক এলাকায় একটি অনুষ্ঠানে করতে গিয়েছিলেন অভিনেতা বিশ্বনাথবাবু। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মঞ্চের পাশে থাকা নেতাজির মূর্তিতে জুতো পড়ে মাল্যদান করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়েন তিনি। ওই সময় তাঁকে হেনস্তা ও তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। রবিবার বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়িতে এনিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেতা। তার ভিত্তিতে পুলিস মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেপ্তার করে।



