Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অভিবাসীদের জন্য মার্কিন মুলুকে চালু হচ্ছে ‘গোল্ড কার্ড’, ঘোষণা ট্রাম্পের

অভিবাসীদের জন্য মার্কিন মুলুকে চালু হচ্ছে ‘গোল্ড কার্ড’, ঘোষণা ট্রাম্পের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ২৬ ফেব্রুয়ারি: মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ‘তাড়ানোর’ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে ট্রাম্পের প্রশাসন। ভারত হোক কিংবা যে কোনও দেশের নাগরিক, যাঁরা অবৈধভাবে আমেরিকায় এতদিন ছিলেন তাঁদের হাতে শিকল বেঁধে ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন। যা নিয়ে তীব্র প্রতিবাদ হলেও মাথা ঘামাতে নারাজ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর লক্ষ্য একটাই মার্কিনিরাই চালাবে আমেরিকা। আর এই এজেন্ডা নিয়েই ভোটে নেমেছিলেন তিনি। এবার অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন আনার পথে হাঁটছেন ট্রাম্প। গতকাল, মঙ্গলবার তেমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার(ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৩ কোটি) অর্থ খরচ করলেই আমেরিকার নাগরিকত্ব পাবেন অভিবাসীরা। সেই জন্য এবার থেকে মার্কিন মুলুকে শুরু হচ্ছে ‘গোল্ড কার্ড’ নীতি। এতদিন ‘গ্রিন কার্ড’ ছিল আমেরিকায় অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার প্রমাণ। এবার অভিবাসীদের জন্যই চালু হতে চলেছে ‘গোল্ড কার্ড’। অর্থাৎ ‘ফেল কড়ি মাখো তেল’ নীতিতেই এগোচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর অনুমান, ১ মিলিয়ন ‘গোল্ড কার্ড’ খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে। কারণ অভিবাসীরা মার্কিন মুলুকের নাগরিকত্ব পেতে মুখিয়ে রয়েছে। যদিও টাকার অঙ্ক দেখে অনেকের ধারণা, এটা শুধুমাত্র বড়লোক অভিবাসীদের জন্যই এনেছেন ট্রাম্প। আমেরিকার কোষাগারে অর্থের জোগান বাড়াতেই ‘গোল্ড কার্ড’-এর জন্য এই বিশাল অঙ্কের টাকা ধার্য করেছেন ট্রাম্প। অনুমান বিশেষজ্ঞদের। এই ‘গোল্ড কার্ড’-এর বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, ‘আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তাঁরা সফল হবেন।’ আগামী দু’সপ্তাহের মধ্যেই এই নতুন নীতি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। তবে অভিবাসীরা কীভাবে সেই ‘গোল্ড কার্ড’ পাবেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি আমেরিকার প্রেসিডেন্ট।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ