Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধভাবে সরকারি অফিসে ব্যক্তিগত নম্বরের গাড়ি ভাড়া 

অবৈধভাবে সরকারি অফিসে ব্যক্তিগত নম্বরের গাড়ি ভাড়া 
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরুলিয়া: সরকারি নিয়মের তোয়াক্কা নেই প্রশাসনেরই। নিয়ম ভেঙে জেলার একাধিক সরকারি অফিসে ভাড়া নেওয়া হচ্ছে ব্যক্তিগত নম্বরের গাড়ি। সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়া সেসব গাড়িতেই চড়ছেন মহকুমা শাসক থেকে শুরু করে অতিরিক্ত জেলাশাসক। পুলিস আধিকারিকরাও তাই করছেন। অভিযোগ, তা দেখেও মুখে কুলুপ এঁটে রয়েছে আঞ্চলিক পরিবহণ দপ্তর। এমনকী, আগের আরটিও নিজেও প্রাইভেট গাড়িতে চড়঩তেন বলে ওই দপ্তর জানিয়েছে।
Advertisement
নিয়ম অনুযায়ী যে কোনও সরকারি অফিসে গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে সেই গাড়ির বাণিজ্যিক নম্বর প্লেট বাধ্যতামূলক। হলুদ নম্বর প্লেটের ওই গাড়ির অবশ্যই পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন করা থাকবে। এরাজ্যে রেজিস্ট্রেশন করা বাণিজ্যিক নম্বর প্লেটের গাড়ি থাকলে তবেই সরকারি অফিসে ভাড়া দেওয়া যাবে। কিন্তু পরিবহণ দপ্তরের এই বিধির তোয়াক্কা করছেন না কিছু আধিকারিক ও জনপ্রতিনিধি। জেলার একজন মহকুমা শাসক এবং অতিরিক্ত জেলাশাসক ব্যক্তিগত নম্বর প্লেটের গাড়িতে চড়েন। পরিবহণ দপ্তরের তরফে তাঁদের বাণিজ্যিক নম্বর প্লেটের গাড়ি ব্যবহারের অনুরোধ করা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। এছাড়া, জেলার বিভিন্ন সরকারি অফিসে একাধিক ব্যক্তিগত নম্বর প্লেটের গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। জেলা পুলিসেও ব্যক্তিগত নম্বর প্লেটের বহু গাড়ি দীর্ঘদিন ধরে ভাড়ায় চলছে। পুলিসের একাধিক আধিকারিকও ব্যক্তিগত নম্বর প্লেটের গাড়িতে ঘোরেন। কোথাও কোথাও আবার ঝাড়খণ্ডে রেজিস্ট্রেশন করা গাড়ি সরকারি দপ্তরে ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ।
আঞ্চলিক পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন, ব্যক্তিগত ও বাণিজ্যিক নম্বর প্লেটের গাড়ির ট্যাক্সের পরিমাণে বিপুল ফারাক রয়েছে। সমস্ত সরকারি অফিসে বাণিজ্যিক নম্বর প্লেটের গাড়ি ব্যবহার হলে সরকারের ট্যাক্স অনেক বাড়বে। ব্যক্তিগত গাড়ির মালিকরা সরকারি দপ্তরে ভাড়া দিয়ে অনেক ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। এর জেরে প্রতি মাসে সরকারের বিপুল টাকা লোকসান হচ্ছে।
পুরুলিয়ার আরটিও অর্ণব চিন্না বলেন, জেলার মনিটরিং কমিটির মিটিংয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছিল। ঝাড়খণ্ডে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি ব্যবহারের সংখ্যা অনেকটা কমানো গিয়েছে। তবু এখনও একাধিক জায়গায় ব্যক্তিগত নম্বর প্লেটের গাড়ি চলছে। এর আগে যিনি আরটিও ছিলেন, তিনি নিজেও ব্যক্তিগত নম্বর প্লেটের গাড়িতে ঘুরতেন। আমি দায়িত্ব নেওয়ার পরই ওই গাড়ি বদলেছি। আধিকারিক হয়ে নিজে নিয়ম না মানলে অন্যদের কীভাবে বলা যাবে? জেলা প্রশাসনের অন্য আধিকারিকদের বাণিজ্যিক নম্বর প্লেটের গাড়ি ব্যবহারের অনুরোধ করেছি।
সম্পর্কিত সংবাদ