Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধ পার্কিং ঘিরে জট, গেট দিয়ে প্রবেশে হিমশিম অবস্থা

অবৈধ পার্কিং ঘিরে জট, গেট দিয়ে প্রবেশে হিমশিম অবস্থা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবৈধ পার্কিংয়ের জেরে নাজেহাল কর্তৃপক্ষ। এমন অবস্থা যে, ইমার্জেন্সি রোগী নিয়ে গাড়ি এলেও সেটা সহজে ঢুকতে পারছে না। তেমনি নিরাপত্তার অভাব বোধ করছেন মেডিক্যাল পডুয়ারা। এ ব্যাপারে একাধিকবার পুলিস প্রশাসনকে জানানো হলেও তাদের কোনও তৎপরতা চোখে পড়েনি বলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ।
Advertisement
রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রবেশের দু’টি গেট। তার মধ্যে ১ নম্বর গেট দিয়েই মূলত রোগীদের নিয়ে যাওয়া আসা করেন আত্মীয় পরিজনরা। কিন্তু এই গেটের প্রবেশ পথ বরাবর দু’ধারে দাঁড়িয়ে থাকে অসংখ্য প্রাইভেট গাড়ি। এতে রোজই ভোগান্তির শিকার হচ্ছেন রোগী সহ তাঁদের পরিজনরা। কারণ, যাতায়াতের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ায় নিত্য যানজট তৈরি হচ্ছে। মুমূর্ষু রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 
আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর এই মেডিক্যালের পডুয়ারা নিরাপত্তার দাবিতে লাগাতার আন্দোলনে নামেন। তাঁদের দাবি মতো, গোটা ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ওয়ার্ডে প্রবেশ পথে কোলাপসিবল গেট, রেস্ট রুম, সর্বোপরি পুলিস ক্যাম্প বসানো হয়েছে। হাসপাতালের সিকিউরিটি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে মনোবল বাড়িয়ে তুলেছে পুলিস। কিন্তু মেডিক্যাল কর্তৃপক্ষ বারবার অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেও তৎপরতা দেখা যাচ্ছে না পুলিসের। বাধ্য হয়ে মেডিক্যাল কর্তৃপক্ষ প্রবেশ পথে প্রাইভেট গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না বলে বিশাল ফ্লেক্স ঝোলায়। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ পার্কিং বজায় রেখে চলেছেন কিছু গাড়ির চালক। পার্কিং ঘিরে রোগীর পরিজনদের সঙ্গে যানবাহনের চালকদের বচসাও হচ্ছে। কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না।
মেডিক্যালের এক কর্মী বলেন, অবৈধ পার্কিংয়ের জেরে ‘নিশ্চয় যান’ ও ১০২ অ্যাম্বুলেন্স দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। কিছু বলতে গেলেই রে রে করে চলে আসছেন প্রাইভেট গাড়ির চালকরা। এতে মেডিক্যালের নিরাপত্তার বিষয়টি যেমন উঠে আসছে, তেমনি রোগী নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে আত্মীয়দের। 
এমএসভিপি পলাশ দাস বলেন, অবৈধ পার্কিং না করার জন্য ঩নির্দেশিকা জারি করে ফ্লেক্স ঝুলিয়েছি। পুলিস প্রশাসনকে জানিয়েছি। আধিকারিকরা হয়তো নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছেন। যদিও সেটা জানি না। তবে অবৈধ পার্কিংয়ের জেরে নিত্যদিন যে যানজট ও রোগী ভোগন্তি হচ্ছে, এটা ঠিক। অন্যদিকে প্রিন্সিপাল করবী বড়াল বলেন, খুব শীঘ্রই রোগী কল্যাণ সমিতির বৈঠক হতে চলেছে। সেখানে অবৈধ পার্কিংয়ের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। যদিও রামপুরহাট থানার পুলিস জানিয়েছে, খুব শীঘ্রই তাঁরা মেডিক্যাল ক্যাম্পাসে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালাবে।  
সম্পর্কিত সংবাদ