Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো নথি দেখিয়ে ওবিসি, তৃণমূল প্রধানের কাস্ট সার্টিফিকেট বাতিল

চণ্ডীপুর ব্লকের ওবিসি সংরক্ষিত ঈশ্বরপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানের কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিলেন মহকুমা শাসক।

ভুয়ো নথি দেখিয়ে ওবিসি, তৃণমূল প্রধানের কাস্ট সার্টিফিকেট বাতিল
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: চণ্ডীপুর ব্লকের ওবিসি সংরক্ষিত ঈশ্বরপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানের কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিলেন মহকুমা শাসক। গত ৬ আগস্ট তমলুকের মহকুমা শাসক ঩দিব্যেন্দু মজুমদার পঞ্চায়েত প্রধান খুকুরানি মণ্ডলের ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন। নির্দেশিকার কপি পঞ্চায়েত প্রধান ও অভিযোগকারী রণজিৎ রক্ষিতের কাছে পাঠানোর নির্দেশ দেন। বুধবার বিডিও অফিস থেকে সেই নির্দেশিকা পৌঁছে যায় দু’জনের কাছে। ভুয়ো নথি দিয়ে তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান ওবিসি সার্টিফিকেট বানিয়েছিলেন বলে অভিযোগ। ২০২৩ সালে গ্রাম পঞ্চায়েত ভোটে জেতার পর তারই ভিত্তিতেই ওবিসি সংরক্ষিত আসনে প্রধান হন। এখন জাতিগত শংসাপত্র বাতিল হওয়ায় তাঁর প্রধান পদেও অপসারণ নিশ্চিত।

Advertisement

২০২৩ সালে ঈশ্বরপুর পঞ্চায়েতে মোট ১৫টি আসনের মধ্যে তৃণমূল ন’টি এবং বিজেপি ছ’টি আসনে জয়ী হয়। প্রধান আসনটি ওবিসি সংরক্ষিত। তৃণমূল কংগ্রেসের দু’জন ওবিসি প্রার্থী জয়ী হন। তৎকালীন ব্লক সভাপতি স্নেহাংশুশেখর পণ্ডিতের হস্তক্ষেপে প্রধান হন খুকুরানি। উপপ্রধান পদে তৃণমূল কংগ্রেসের তরফে সুনীল প্রধানের নাম প্রস্তাব হলেও আশ্চর্যজনকভাবে বিজেপির তরফে তৃণমূলের অঞ্চল সভাপতি তথা মেম্বার দেবাশিস দাসের নাম প্রস্তাব করা হয়। শেষমেশ উপপ্রধান হন দেবাশিসবাবুই। পরবর্তীতে সুনীল প্রধান চণ্ডীপুর ব্লক তৃণমূল সভাপতি হন।
খুকুরানি মণ্ডলের ওবিসি সার্টিফিকেট বৈধ নয় বলে স্থানীয়রা অনেকেই জানতেন। পঞ্চায়েতে বোর্ড গঠনের পর তাঁর কাস্ট সার্টিফিকেটের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন রণজিৎবাবু। তিনি বিজেপির টিকিটে প্রার্থী হয়ে খুকুরানির কাছে পরাস্ত হন। হাইকোর্ট ওই মামলায় তমলুকের এসডিওকে শুনানি করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সেইমতো প্রশাসনিকস্তরে তদন্ত হয়। চণ্ডীপুরের বিডিও, জয়েন্ট বিডিও ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের ইন্সপেক্টর ঈশ্বরপুরে গিয়ে এনিয়ে তদন্ত করেন। তিন-চার দফায় এসডিও অফিসে শুনানি হয়। খুকুরানি তাঁর সার্টিফিকেটের কপি প্রশাসনের কাছে জমা করেননি। তাঁর সাব কাস্ট, গোত্র খতিয়ে দেখার পর চণ্ডীপুরের বিডিও শাশ্বতপ্রকাশ লাহিড়ি মহকুমা শাসককে রিপোর্ট দেন। তাতে বলা হয়, প্রধানের সার্টিফিকেট বৈধ নয়। তারভিত্তিতে এসডিও অফিসে আবারও শুনানি হয়। তাঁর সার্টিফিকেটের কপি জমা দিতে বলা হলেও প্রধান তা করেননি।  ওবিসি সংরক্ষিত আসনে তাঁর সার্টিফিকেট বাতিল হওয়ার অর্থ প্রধান পদ থেকে অপসারণ নিশ্চিত। তৃণমূলের সৌমী বাঙাল নামে আরও একজন ওবিসি তালিকাভুক্ত পঞ্চায়েত সদস্য আছেন। এই অবস্থায় দল তাঁকে প্রধান করার ভাবনাচিন্তা শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের চণ্ডীপুর ব্লক সভাপতি সুনীলবাবু বলেন, ঈশ্বরপুর পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট বাতিল হয়েছে। আরও একজন ওবিসি তালিকাভুক্ত সদস্য আছেন। তিনি পরবর্তী প্রধান হবেন।  বিজেপি নেতা তথা অভিযোগকারী রণজিৎবাবু বলেন, খুকুরানি মণ্ডলের ওবিসি ভুয়ো বলে আমরা অনেকেই জানি। তিনি সেই সার্টিফিকেট গোপন রেখে প্রধান পদ বাঁচানোর মরিয়া চেষ্টা করলেও শেষমেশ ন্যায়ের জয় হল। 
বিডিও বলেন, মহকুমা শাসক এনিয়ে পদক্ষেপ নিয়েছেন। খুকুরানিকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এনিয়ে কোনও মন্তব্য করব না।

Advertisement
সম্পর্কিত সংবাদ