Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি বোলপুরের জমিদাতাদের

ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি বোলপুরের জমিদাতাদের
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: শিল্পের নামে জমি নিলেও তাতে শিল্প না হওয়ার প্রতিবাদে এবং জমিদাতাদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিলেন বোলপুরের শিবপুর মৌজার জমিদাতারা। সোমবার সিউড়িতে জেলাশাসকের অফিসের সামনে জমিদাতাদের একাংশ বিক্ষোভ দেখান।
Advertisement
তাঁদের অভিযোগ, ২০বছর আগে বাম আমলে শিবপুর মৌজায় নূরপুর, কাশীপুর, সাবিরগঞ্জ, রায়পুরে ও বোলপুরের কাছে বোলপুর-পানাগড় সড়কের দু’পাশে প্রায় ১৯৫একর জমি সরকার অধিগ্রহণ করেছিল। সেই জমিতে শিল্পবিকাশ কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ২০বছর পরও সেখানে প্রস্তাবিত শিল্প না করে কিছু জমিতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, বিশ্ব ক্ষুদ্র বাজার ও আইটি পার্ক করা হয়েছে। কিন্তু বাকি প্রায় ১২৭ একর জমি ‘গীতবিতান থিম সিটি’র নামে কটেজ তৈরি করে বিক্রি করা হচ্ছে। এখানে শিল্পের জন্য এলাকার প্রায় ১৩০০’র বেশি জমিদাতা জমি দিয়েছিলেন। কিন্তু তাঁরা ন্যায্য ক্ষতিপূরণ পাননি। এই জমিতে শিল্প না করলে জমি ফেরত চেয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতে এই মামলা বিচারাধীন রয়েছে।
আদালতের কাছে রাজ্য সরকার জানিয়েছে, এই জমি-সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ পলিসি তৈরি করা হবে। সেই পলিসিতে স্থানীয় জমিদাতাদের দাবি যাতে বিশেষ গুরুত্ব পায়, সেনিয়েই এদিন তাঁরা জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন। তাঁদের দাবি, বর্তমান বাজারমূল্যে জমির ন্যায্য দাম দেওয়া, পরিবার পিছু একজনকে সরকারি চাকরি, জমিহারা খেতমজুরদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
শিবপুর জমিহারা কৃষকসংগ্রাম মঞ্চের তরফে মির্জা জসীমউদ্দিন, তপনকুমার সাহা বলেন, আমরা শিল্পের জন্য জমি দিয়েছি। সরকার যে নতুন পলিসি করছে, তাতে আমাদের দাবিকে গুরুত্ব দিতে হবে। সেবিষয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।
 
সম্পর্কিত সংবাদ