Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ন্যাশনাল স্কুল গেমসে অংশগ্রহণের সুযোগ দুই ছাত্রীর

ন্যাশনাল স্কুল গেমসে অংশগ্রহণের সুযোগ দুই ছাত্রীর
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: ৬৮তম ন্যাশনাল স্কুল গেমসে খেলার সুযোগ পেল নবদ্বীপের দুই প্রতিযোগী। অনূর্ধ্ব উনিশ আক্রোব্যাটিকস জিমনাস্টিকসের ওমেন্স পেয়ার ইভেন্টে ‘নবদ্বীপ দেহ সৌষ্ঠব’-এর অদ্রিজা পোদ্দার ও মনীষা দেবনাথ জাতীয় স্কুল গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এরা দুজনেই নবদ্বীপ তারাসুন্দরী গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
Advertisement
গত ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর কলকাতার ‘সাই’-এ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের পরিচালনায় ৬৮তম রাজ্য স্কুল জিমনাস্টিক যোগ্যতা নির্ণয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে আক্রোব্যাটিকস, রিদমিক এবং আর্টিস্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতাও হয়। 
রাজ্যের ৬টি জেলা নদীয়া, বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে আক্রোব্যাটিকস জিমন্যাস্টিকসের বিভিন্ন বয়সের ৫৪ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে নদীয়া জেলার ১৩ জন প্রতিযোগী ছিল। অনূর্ধ্ব উনিশ আক্রোব্যাটিকস জিমনাস্টিকসের ওমেন্স পেয়ার ইভেন্টে ‘নবদ্বীপ দেহ সৌষ্ঠব’-এর অদ্রিজা পোদ্দার ও মনীষা দেবনাথ প্রথম স্থান লাভ করে জাতীয় স্তরে খেলার সুযোগ পায়। 
রাজ্য আক্রোব্যাটিকস জিমন্যাসটিকসের বিচারক তথা ‘নবদ্বীপ দেহ সৌষ্ঠব’-এর অন্যতম কোচ সরস্বতী সাহা বলেন, জাতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জনকারী অদ্রিজা ও মনীষা শত অভাব অনটন সত্ত্বেও পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন করে চলেছে। ক্লাব সম্পাদক রাখাল মজুমদার এবং সিনিয়র কোচ প্রশান্ত ঘোষের দৃঢ় বিশ্বাস ওরা জাতীয় স্তরেও পদক জিতবে। 
পাশাপাশি আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিভাগে নদীয়া জেলার হয়ে নবদ্বীপের অশ্নি দেবনাথও অনূর্ধ্ব ১৯ বিভাগে অলরাউন্ডে দ্বিতীয় হয়েছে। জিমনাস্টিকের ইন্টারন্যাশনাল বিচারক তথা কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ডঃ অরূপ দাস বলেন, নদীয়া জে়লা থেকে জিমন্যাস্টিকসের তিনটি বিভাগ মিলিয়ে প্রায় পঁচিশ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করে এবং বলাবাহুল্য আক্রোব্যাটিকস জিমন্যাস্টিকসের তেরো জনই নবদ্বীপ দেহসৌষ্ঠব-এ প্রশিক্ষণ নেয়। সরকারিভাবে এই সংস্থাকে পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সাহায্য করা হলে ভালো হয়। - নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ