নিজস্ব প্রতিনিধি, তমলুক: ন্যাকের মূল্যায়ণে ‘এ’ গ্রেড পেল সুতাহাটার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়। গত ১৮ ও ১৯ ডিসেম্বর ওই কলেজে ন্যাকের দল পরিদর্শন করেছিল। সম্প্রতি ন্যাকের পক্ষ থেকে এ গ্রেড পাওয়ার বিষয়টি কলেজকে জানানো হয়েছে। ওই খবরে খুশি কলেজ কর্তৃপক্ষ। আগামী পাঁচ বছরের জন্য এই গ্রেডের মেয়াদ কার্যকর থাকবে। এর আগে ওই কলেজ ‘বি’ গ্রেড ছিল। এখানে মোট ১৬টি বিষয়ে অনার্স ছাড়াও চারটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পঠনপাঠন হয়। কলেজের অধ্যক্ষ ডঃ মানবেন্দ্র সাউ ও গভর্নিং বডির সভাপতি পার্থ বটব্যাল বলেন, ন্যাকের মূল্যায়ণে এ গ্রেড পাওয়া আমাদের কাছে খুবই খুশির খবর। এটা আমাদের আরও উৎসাহ জোগাবে। আগামী দিনে কলেজের আরও সার্বিক উন্নতির জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।



