নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নয়াগ্রামের জঙ্গল এলাকায় একটি দাঁতাল হাতির দেহ পাওয়া গেল। হাতিটির মৃত্যুর কারণ জানা যায়নি। মঙ্গলবার সকালে আউশপাল গ্রামে হাতির দেহ পাওয়া নিয়ে উত্তেজনা ছড়ায়। বন বিভাগের কর্মীরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। খড়্গপুর বনবিভাগের ডিএফও মণীশকুমার যাদব এদিন বলেন, প্রায় কুড়ি বছরের একটি দাঁতাল হাতি মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে বিদ্যুতের তার বা অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বয়সজনিত কারণে হাতিটি মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
Advertisement
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ২৪ থেকে ২৫টি হাতির দল সুবর্ণরেখা নদী পেরিয়ে ভোররাতে নয়াগ্রামে ঢোকে। আউশপাল গ্রাম সংলগ্ন জমি এলাকায় তাদের ঘুরে বেড়াতে দেখা যায়। একটি হাতি গ্ৰামে ঢুকে পড়ে। সকাল ১০টার দিকে গ্রামের লাগোয়া সর্ষের জমিতে দাঁতালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মলম গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণা পানিবাহারিয়া বলেন, বনদপ্তরকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছিল। হাতিটি কীভাবে মারা গেল, সে সম্বন্ধে কিছুই জানি না।



