Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়াবাজার থেকে করদহ ৫ কিমি রাস্তার বেহাল দশা

নয়াবাজার থেকে করদহ ৫ কিমি রাস্তার বেহাল দশা
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: দক্ষিণ দিনাজপুর জেলার তপনের নয়াবাজার থেকে করদহ পর্যন্ত পিচ রাস্তার ৫ কিমি অংশের বেহাল দশা। বিভিন্ন জায়গায় পিচের চাদর উঠে গিয়ে কঙ্কালসার অবস্থা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক সহ নিত্যযাত্রীদের। অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
Advertisement
তপন ব্লকের আজমপুর গ্রাম পঞ্চায়েতের নয়াবাজার থেকে শুরু করে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ পর্যন্ত রাস্তাটি প্রায় ৯ কিমি। জেলা পরিষদ বছর চারেক আগে সংস্কার করলেও বর্ষায় আত্রেয়ী নদীর পাড় উপচে আসা জলে রাস্তার উপর দিয়ে বইতে থাকে। 
বছর দু’য়েক আগে রাস্তার কিছু জায়গায় গর্ত সংস্কার করা হয়েছিল। গত বর্ষায় আত্রেয়ীর জল রাস্তার উঠে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তা দিয়ে টোটো সহ ছোট, বড় বিভিন্ন যান চলাচল করে। বেহাল রাস্তা দিয়ে যেতে বেশি সময় লাগার পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ছে। বাসুরিয়ার বাসিন্দা বিকাশ কুণ্ডু দাস, সন্দীপ চক্রবর্তীদের কথায়, রাস্তা এতটাই বেহাল যে এক ঘণ্টার পথ যেতে দ্বিগুণ সময় লাগছে। এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী মালদহ জেলায় যাওয়া যায়। 
আমরা চাই দ্রুত রাস্তাটি মেরামত করা হোক। টোটো চালক হিমাংশু বর্মন বলেন, রাস্তা দিয়ে যেতে গিয়ে চাকা ফেটে যাচ্ছে। মাঝেমধ্যে যন্ত্রাংশ ভেঙে সমস্যায় পড়তে হয়।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার বলেন, জেলা পরিষদের প্রত্যেক সদস্যের কাছ থেকে এলাকার খারাপ রাস্তার তালিকা চাওয়া হয়েছে। সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। সব রাস্তার কাজ একসঙ্গে হবে কি না নির্ভর করছে ফান্ডের উপর। ধাপে ধাপে সব সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
(রাস্তার বেহাল দশা।-নিজস্ব চিত্র)
সম্পর্কিত সংবাদ