Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাত-পা অসাড়, ৬৪ শতাংশ পেয়ে নজর কাড়ল তাসনিম

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩১৯ নম্বর পেয়ে নজর কেড়েছেন মানিকচকের এক বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী।

হাত-পা অসাড়, ৬৪ শতাংশ পেয়ে নজর কাড়ল তাসনিম
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩১৯ নম্বর পেয়ে নজর কেড়েছেন মানিকচকের এক বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী। শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে সাফল্য অর্জন করে খুশি তাসনিম বানু। পরিবার সহ বিদ্যালয়ের শিক্ষকরাও এনিয়ে খুশি। ভবিষ্যতে শিক্ষিকা হতে চান তাসনিম।

Advertisement

মালদহ জেলার মানিকচক ব্লকের অন্তর্গত এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী তাসনিম। চৌকি মিরদাদপুর অঞ্চলের সালাবাতগঞ্জ গ্রামের বাসিন্দা শেখ আখতার হোসেনের কন্যার জন্ম থেকেই দুই পা ও ডান হাত অসাড়। হামাগুড়ি দিয়ে চলতে হয়। সেভাবে কথা বলতে পারেন না। রাইটারের সাহায্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছর তিনি প্রায় ৬৪ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন। যা মানিকচক ব্লকে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের মধ্যে সর্বাধিক। তাসনিম বলেন, ছোট থেকেই আমার শিক্ষিকা হওয়ার স্বপ্ন। তার প্রথম ধাপ উত্তীর্ণ হলাম। আগামীতে আরও বড় সাফল্য পাব বলে আশা করছি।
তাসনিমের মা শাকিলা খাতুন বলেন, মেয়ের সাফল্যে আমরা খুশি। সাধারণ শিশুর মতোই তাসনিমকে বড়ো করেছি। মেয়ে উচ্চশিক্ষা অর্জন করবে বলে আমরা আশাবাদী। ওর শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ হোক। 
শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁর এই সাফল্যে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ বাদিউজ্জামান বলেন, শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাফল্য পেয়েছে তাসনিম। ওর ইচ্ছে শিক্ষিকা হওয়ার। তার অদম্য ইচ্ছেশক্তির জোরে আগামীতেও সাফল্য অর্জন করবে। আমরা তার পাশে থাকব।  মায়ের সঙ্গে তাসনিম। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ