Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নেতার বিয়ের কথা জেনে যাওয়ার পরই বান্ধবীর সঙ্গে অশান্তির শুরু

নেতার বিয়ের কথা জেনে যাওয়ার পরই বান্ধবীর সঙ্গে অশান্তির শুরু
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: মন্দারমণি রিসর্টে উত্তর ২৪পরগনার আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসারের রহস্যমৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে আসা খুড়তুতো ভাই আতাউর মণ্ডলের ভূমিকা জানার চেষ্টা করছে পুলিস। আবুল খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, তা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। যদিও পুলিস আধিকারিকদের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে সবকিছু পরিষ্কার হবে। 
Advertisement
আবুলের বাড়ির লোকজন খুনের অভিযোগ করার পর পুলিস আতাউর এবং আবুলের সঙ্গে আসা বান্ধবী তনুশ্রী মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। তাদের পাঁচদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। গত বৃহস্পতিবার আমডাঙার কাছারিয়ার বাসিন্দা আবুল নাসারের সঙ্গে এসেছিলেন তাঁর বান্ধবী বারাকপুরের বড় কাঁঠালিয়ার বাসিন্দা তনুশ্রী। সঙ্গে এসেছিলেন নাসারের খুড়তুতো ভাই আতাউর। তাঁরা শুক্রবার রিসর্টের রুমে থাকাকালীন ঘটনাটি ঘটে। ঘটনার দিন রাতে তনুশ্রী বাথরুমে যান। তিনি বেরিয়ে আবুলকে ঝুলন্ত অবস্থায় দেখেন। সেই সময় পাশের রুমে ছিলেন আতাউর। তার আগে তিনজনে মিলে আবুলের রুমে পার্টি করেছিলেন। ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় আতাউরের ভূমিকা কী ছিল, তনুশ্রীর সঙ্গে তার সম্পর্ক কী, তা জানার চেষ্টা করছে পুলিস। পুলিস এও জানতে পেরেছে, তনুশ্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকায় আবুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু আবুল যে বিবাহিত, তনুশ্রীর অজানা ছিল। বিষয়টি জানার পরই দু‌’জনের মধ্যে ঝামেলা শুরু হয়। তার পরিণতিতে এই ঘটনা। আবুল সহ ধৃতরা যে রিসর্টে উঠেছিলেন, তার রেজিস্টার বাজেয়াপ্ত করেছে পুলিস। হোটেলকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিস। এবিষয়ে  ডিএসপি(ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন বলেন, ধৃতরা জানিয়েছেন, আবুল আত্মঘাতী হয়েছেন। অন্যদিকে, বাড়ির লোকজন খুনের অভিযোগ দায়ের করেছেন। ধৃতদের জেরা করে প্রকৃত সত্য জানার চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ