এনটিপিসি ফরাক্কার উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় মোকাবিলা এবং নিরাপত্তা নিয়ে মহড়া
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: তাপ বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলা ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এনটিপিসি ফরাক্কার উদ্যোগে আয়োজিত হল এক যৌথ মেগা মক ড্রিল। সোমবার সকালে ফরাক্কা এনটিপিসির অ্যাডমিন বিল্ডিং চত্বরে এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা যায় এবং বিভিন্ন বিপর্যয় মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে কীভাবে নিখুঁত সমন্বয় বজায় রাখা যায়, তা হাতে-কলমে তুলে ধরাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিপিসি ফরাক্কার এগজিকিউটিভ ডিরেক্টর(ইডি) দেবব্রত কর, সিআইএসএফ কমান্ড্যান্ট বিজয় কুমার-সহ এনটিপিসি-র একাধিক পদস্থ আধিকারিক ও কর্মী। এনটিপিসি সূত্রে জানা গিয়েছে, এ দিনের যৌথ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফরাক্কা এনটিপিসি-র সিআইএসএফ, ফরাক্কা ব্যারেজ সিআইএসএফ, ফরাক্কা থানার পুলিশ, নদিয়ার হরিণঘাটা থেকে আসা বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং এনটিপিসি-র সেফটি বিভাগের কর্মীরা। মহড়ার বিভিন্ন পর্যায়ে কৃত্রিম বিপর্যয় তৈরি করে উদ্ধার অভিযান, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপণ এবং এলাকা সুরক্ষিত রাখার মতো একাধিক কৌশল প্রদর্শন করা হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের মতে, শিল্পতালুক বা বিদ্যুৎকেন্দ্রের মতো সংবেদনশীল এলাকায় আকস্মিক দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করা অত্যন্ত জরুরি। সেই প্রেক্ষিতেই বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় আরও মজবুত করতে নিয়মিত এই ধরনের মহড়ার প্রয়োজনীয়তা রয়েছে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই ধরনের মহড়ার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি, উদ্ধারকাজের দক্ষতা এবং বিভিন্ন বিভাগের পারস্পরিক সমন্বয় আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য। মহড়া শেষে অংশগ্রহণকারী বাহিনী ও আধিকারিকদের মধ্যে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। সব মিলিয়ে, এদিনের মেগা মক ড্রিলকে কেন্দ্র করে ফরাক্কা এনটিপিসি চত্বরে ছিল তৎপরতা ও নিরাপত্তার কড়া মহড়া।

Advertisement