সংবাদদাতা, লালবাগ: শুক্রবার থেকে মুর্শিদাবাদ থানার নতুনগ্রাম হাইস্কুল ময়দানে জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শুরু হয়েছে। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সাধারণ মানুষের সুরক্ষার কথা ভাবেন, তেমনই লোক সংস্কৃতিকে রক্ষা করতে রাজ্যজুড়ে লোক সংস্কৃতি উৎসবের আয়োজন করেছেন। শিল্পীদের উৎসাহ ভাতাও রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে। এদিন ধামসা, মাদলে অনুষ্ঠানের সূচনার পাশাপাশি আদিবাসী নৃত্য, ঘোড়া নাচ প্রদর্শীত হয়। হবে যাত্রাপালাও। লালবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক নন্দিতা পাত্র বলেন, জেলার মধ্যে লালবাগ মহকুমায় লোকসংস্কৃতি শিল্পী সর্বাধিক। সেই কারণে লালবাগের নুতনগ্রাম হাইস্কুল ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তা তিন দিন ধরে চলবে।



