Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুনভাবে তৈরি ১৬এ রাজ্য সড়ক বছর শেষেই পাচ্ছে কোচবিহার

নতুনভাবে তৈরি ১৬এ রাজ্য সড়ক বছর শেষেই পাচ্ছে কোচবিহার
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: ইংরেজি নতুন বছরের আগেই ঝাঁ চকচকে রাস্তা উপহার পেতে চলেছে কোচবিহার। জেলার ব্যস্ততম ১৬এ রাজ্য সড়ক মেরামতির কাজ শেষ পর্যায়ে। সম্প্রসারণের পর ওই রাস্তায় বর্তমানে চূড়ান্ত পর্বের কাজ চলছে। তৈরি করা হয়েছে রাস্তার দু’পাশে হাইড্র্যান্ট। দু’দিনের মধ্যে কাজ শেষ হবে।
Advertisement
এই ১৬এ রাজ্য সড়ক কোচবিহার ও জলপাইগুড়ি জেলাকে যুক্ত করেছে। মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা থেকে জামালদহ হয়ে মাথাভাঙা-১ ব্লকের শিকারপুর পর্যন্ত বিস্তৃত রাস্তাটি আমুল সংস্কার করা হয়েছে। রাস্তার দু’পাশেই চওড়া করা হয়েছে। রাস্তাটি সাত মিটার থেকে দুই প্রান্তে বাড়িয়ে ১০ মিটার চওড়া করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর জামালদহ চেকপোস্ট সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তাটি চওড়া করার প্রকল্পের সূচনা হয়েছিল। প্রথম ধাপে ৭৯ কোটি টাকা ব্যয় করে ৩৫ কিমি রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। পরবর্তীতে এই রাস্তাটি কোচবিহার শহর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। অন্যদিকে, চ্যাংরাবান্ধা থেকে ময়নাগুড়ি পর্যন্ত বিস্তৃত রাস্তাটি আরও উন্নত করা হবে। 
কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন বলেন, রাস্তা সম্প্রসারণের কাজ শেষ পর্যায়ে চলছে। ইংরেজি নতুন বছরের আগেই সম্পূর্ণ রাস্তাটি মেরামতির কাজ সম্পন্ন হবে। এই রাস্তার দু’পাশে প্রয়োজন অনুসারে হাইড্র্যান্ট নির্মাণ করা হয়েছে। মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন, রাস্তাটি আমুল সংস্কার হওয়ায় কোচবিহার জেলায় যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জের সঙ্গে জেলা সদর কোচবিহারের সড়কপথে যোগাযোগ ব্যবস্থা আরও চাঙ্গা হবে। 
কোচবিহার জেলা পরিষদ সদস্য কেশবচন্দ্র বর্মন জানিয়েছেন, ১৬এ রাজ্য সড়ক আমুল সংস্কারের পাশাপাশি একাধিক সেতুর কাজ সম্পন্ন করা হয়েছে। পূর্তদপ্তর (সড়ক) মাথাভাঙার আধিকারিক শঙ্কর রায় জানিয়েছেন, আর দু-একদিনের মধ্যেই রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হবে।
সম্পর্কিত সংবাদ