Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন শিক্ষাবর্ষে জেলায় প্রথম সরকারি ইংরেজি মাধ্যম হাইস্কুল, শুরু ফর্ম বিলি

নতুন শিক্ষাবর্ষে জেলায় প্রথম সরকারি ইংরেজি মাধ্যম হাইস্কুল, শুরু ফর্ম বিলি
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলায় প্রথম সরকারি ইংরেজি মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে মেহেরউন্নেসা উচ্চ বিদ্যালয়। পঞ্চম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যন্ত ইংরেজি মাধ্যম হিসেবে ইতিমধ্যেই কমিশনার অব স্কুল এডুকেশনের তরফে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট পেয়ে গিয়েছে জলপাইগুড়ির এই স্কুল। যার ভিত্তিতে চলতি শিক্ষাবর্ষ থেকেই ইংরেজি মাধ্যমের ক্লাস চালু করতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ফর্ম দেওয়া শুরু করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
Advertisement
ভারপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শিক্ষাদপ্তরের তরফে আমাদের কাছে যেসব নথিপত্র চাওয়া হয়েছিল, সবটাই জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সবুজ সঙ্কেত মিলেছে। আশা করছি, চলতি সপ্তাহেই চূড়ান্ত অনুমোদন আমাদের হাতে চলে আসবে। তারপরই আমরা ভর্তি চালু করব। আপাতত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। ইংরেজি মাধ্যমের জন্য আমরা ১৫ জানুয়ারি থেকে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নেওয়া শুরু করতে চাইছি।
মেহেরউন্নেসা হাইস্কুলে বর্তমানে বাংলা মাধ্যমে পড়াশোনা হয়। কিন্তু ওই স্কুলের প্রাথমিক বিভাগে পঠনপাঠন হয় ইংরেজি মাধ্যমে। সেটি ছাড়া জলপাইগুড়ি শহরে আরও চারটি সরকারি ইংরেজি মাধ্যম প্রাইমারি স্কুল রয়েছে। সেগুলি হল সেবাগ্রাম আরআর প্রাইমারি, মোহন্তপাড়া প্রাইমারি, সতীশ লাহিড়ি প্রাথমিক বিদ্যালয় এবং সদাগরপট্টি প্রাইমারি স্কুল। কয়েক বছর ধরে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলি চলছে। কিন্তু সমস্যা হল, ওই স্কুলগুলিতে যেসব পড়ুয়া ভর্তি হচ্ছে, চতুর্থ শ্রেণি পাশ করার পর পঞ্চম শ্রেণিতে গিয়ে তাদের ফের বাংলামাধ্যমের স্কুলে ফিরে আসতে হচ্ছে। কারণ, জলপাইগুড়ি জেলায় পঞ্চম থেকে মাধ্যমিক পর্যন্ত কোনও সরকারি ইংরেজি মাধ্যম স্কুল নেই।
মূলত এই প্রতিবন্ধকতার কারণে ইংরেজি মাধ্যমের সরকারি প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পঞ্চম থেকে মাধ্যমিক পর্যন্ত ইংরেজি মাধ্যম চালু করতে এগিয়ে আসে মেহেরউন্নেসা হাইস্কুল। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন, বাংলা মাধ্যম যেমন রয়েছে, তেমনই থাকবে। সঙ্গে যুক্ত হবে ইংরেজি মাধ্যম। আলাদা ক্লাস হবে। ইতিমধ্যেই ১০ জনের মতো ছাত্রছাত্রী ইংরেজি মাধ্যমে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য ফর্ম নিয়ে গিয়েছে। আরও ৭০ জন পড়ুয়া ভর্তি হবে বলে আমরা আশাবাদী। ইংরেজি মাধ্যমের সরকারি প্রাইমারিগুলি আমাদের ‘ফিডার স্কুল’ হিসেবে কাজ করবে। বর্তমানে স্কুলে ১১ জন শিক্ষক রয়েছেন। ইংরেজি মাধ্যম চালু হয়ে গেলে আরও ছ’জন পার্শ্বশিক্ষক পাব। ফলে শিক্ষকের ঘাটতি হবে না।
সম্পর্কিত সংবাদ