Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন প্রেমিকা, নববধূর হাত ছাড়া নয়, ট্রেনের মহিলা কামরায় উঠে শ্রীঘর-যাত্রা

নতুন প্রেমিকা, নববধূর হাত ছাড়া নয়, ট্রেনের মহিলা কামরায় উঠে শ্রীঘর-যাত্রা
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সুমন তেওয়ারি, আসানসোল: আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ…। 
Advertisement
একেবারে অটুট বাঁধন। কেউ কাউকেই ছেড়ে থাকতে চান না। উৎসবের আমেজে তো একেবারেই নয়। তার উপর নববধূ কিংবা নতুন প্রেমিকা হলে তো কথাই নেই। মুহূর্তের জন্যও চোখে হারাতে চান না কেউই। আর এই প্রেম-ভালোবাসার অমোঘ টানে প্রিয়জনের হাত ধরে মহিলা কামরায় উঠে উঠে যেতে হচ্ছে শ্রীঘরে। নতুবা দিতে হচ্ছে মোটা অঙ্কের জরামানা। চলতি উৎসব মরশুমে এমন ‘মানে না মানা’র ট্রেন্ড দেখে তাজ্জব রেল কর্তৃপক্ষ। শুধু অক্টোবর মাসেই মহিলা কামরায় পুরুষ সদস্য ওঠার অভিযোগে মামলা হয়েছে ১ হাজার ২০০টি। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪০০ জনকে। ধৃতদের মধ্যে আসানসোল ডিভিশনে রয়েছেন ৩৯২ জন। বাধ্য হয়ে বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করে দিয়েছে রেল। 
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘মহিলা কামরায় কোনওমতেই পুরুষ যাত্রীকে উঠতে দেওয়া হয় না। এটাই রেলের কড়া বিধি। কিন্তু উৎসব মরশুমে এই বিধিকে তোয়াক্কা করছেন না অনেকেই। যাত্রী সাধারণের কাছে আমাদের আবেদন, এমন কাণ্ড করবেন না। করলেই কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া কোনও উপায় নেই।’ 
সাধারণত অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যায় উৎসব-পার্বনের মাস। গণেশ পুজো, বিশ্বকর্মা, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো। এসবের রেশ কাটতে না কাটতেই ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। উৎসবে ঘোরাফেরা, খাওয়া-দাওয়া হল অন্যতম অঙ্গ। সেই অঙ্গের ‘অলঙ্কার’ অবশ্যই নববধূ কিংবা প্রেমিকা। কিন্তু, ট্রেনযাত্রায় তাঁদের একা একা ছেড়ে দেওয়া বড্ড ঝুঁকির। তা ছাড়া যাত্রাপথেও থাকে কত কথা! তাই, ঝক্কি জেনেও সঙ্গিনীর সঙ্গেই মহিলা কামরায় উঠে পড়ছেন পুরুষরা। কথা হচ্ছিল আসানসোল স্টেশনের আরপিএফের এক আধিকারিকের সঙ্গে। তিনি বলছিলেন, ‘পুজো এলে যেন প্রেমের জোয়ার আসে। নতুন প্রেমিকাকে এক মুহূর্তের জন্য কাছ ছাড়া করতে চাইতে মন চায় না। স্বভাবতই মহিলা সঙ্গীর হাত ধরে পুরুষরাও উঠে পড়ছেন মহিলা কামরায়। বাধা দিলে বলছেন, আমার সঙ্গে তো মহিলা রয়েছেন। ওকে কী করে একা ছাড়ি বলুন তো! তাতে রেলের বিধিভঙ্গ হচ্ছে। বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হচ্ছে আমাদের।’
শুধু প্রেমিকই নন, নতুন বিয়ে হওয়া দম্পতিদের মধ্যেও দেখা যায়, হাত না ছাড়ার সমঝোতা পত্র। নববধূর হাত ধরে দিব্যি মহিলা কামরায় উঠে পড়ছেন স্বামী। অনেকে আবার সাধারণ কামরায় ভিড় এড়ানোর কৌশল হিসেবে স্ত্রীর একা একা সফর ঠিক নয় বলে তত্ত্ব খাঁড়া করছেন। আরপিএফের ওই কর্তার কথায়, ‘মহিলা কামরায় অস্বস্তিতে পড়েন সহযাত্রীরা। তবে, আমরা কোনও পুরুষ যাত্রীকেই মহিলা কামরায় যাতায়াত করতে দিচ্ছি না। এ ব্যাপারে রেল অত্যন্ত কঠোর।’ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসে হাওড়া ডিভিশনে ২৬২ জন, শিয়ালদহ ডিভিশনে ৫৭৪ জন, মালদা ডিভিশনে ১৭৬ জনকে গ্রেপ্তার হয়েছে। সেই সঙ্গে জরিমানাও করা হয়েছে অনেককেই।  
সম্পর্কিত সংবাদ