Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন নিযুক্ত অস্থায়ী কর্মীদের বেতন হল না, কাজ হারানোর আশঙ্কা

নতুন নিযুক্ত অস্থায়ী কর্মীদের বেতন হল না, কাজ হারানোর আশঙ্কা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এজেন্সির মাধ্যমে নিযুক্ত অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন দেওয়া শুরু হলেও সমস্যা জিইয়ে রইল। নতুন নিযুক্ত কর্মীদের ডিসেম্বর মাসের বেতন আটকে রয়েছে। কর্মীদের দাবি মতো সোমবার রাতের মধ্যেই এজেন্সি তার পুরনো কর্মীদের  ডিসেম্বরের বেতন মিটিয়ে দিয়েছে। কিন্তু গত নভেম্বর মাসে নিযুক্ত প্রায় ৪০ জন কর্মীর বেতন হয়নি। এতে ওই কর্মীদের মধ্যে কাজ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। 
Advertisement
অস্থায়ী কর্মীদের সংগঠনের নেত্রী পারমিতা চক্রবর্তী এই আশঙ্কার কথা অস্বীকার করেননি। তিনি বলেন, গোটা বিষয়টি আমরা কলেজের প্রিন্সিপাল এবং এমএসভিপি’কে জানিয়েছি। তাঁরা আমাদের কাছে এজেন্সির মাধ্যমে মোট কতজন কর্মী কোথায় কাজ করছেন তার তালিকা চেয়েছেন। বুধবার আমরা সেই মতো এজেন্সির কাছ থেকে তালিকা নিয়ে প্রিন্সিপাল এবং এমএসভিপি’কে দিয়ে আমাদের সমস্যার কথা লিখিতভাবে জানাব। 
সুপার স্পেশালিটি ব্লকে যে এজেন্সি কর্মী নিয়োগের বরাত পেয়েছে তারা সম্প্রতি বেশকিছু নতুন কর্মী নিয়েছে। দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় কর্মীর সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। আর এতেই আমাদের আশঙ্কা, এই বাড়তি কর্মীর দায়িত্ব এজেন্সি আদৌ নেবে কি না, জানান পারমিতা চক্রবর্তী। চুক্তি ভিত্তিক এই কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রথম থেকেই দুর্নীতির অভিযোগ রয়েছে।
বিভিন্ন প্রভাবে স্থানীয়ভাবে কর্মী নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এজেন্সির স্থানীয় ফেসিলিটি ম্যানেজার মিঠু সাহা বলেন, নতুন যে কর্মীদের নিয়োগ করা হয়েছে তাদের নাম কোম্পানির অ্যাপে তোলা হয়নি। এ কারণে প্রায় ৪০ জনের বেতন আটকে রয়েছে। এক-দু’দিনের মধ্যেই তাঁদের বেতন মিটিয়ে দেওয়া হবে। 
প্রশ্ন এখানেই, নিয়োগের এতদিন পরেও কেন নতুন কর্মীদের নাম কোম্পানির অ্যাপে তোলা হয়নি। তাহলে কি এজেন্সির স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যে চুক্তি হয়েছে তার থেকে বাড়তি কর্মী নেওয়া হয়েছে? যদিও এসব প্রশ্নের উত্তর দেননি মিঠু সাহা।
সম্পর্কিত সংবাদ