Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন জেলা সভাপতি কে? জল্পনা তুঙ্গে বিজেপি শিবিরে

নতুন জেলা সভাপতি কে? জল্পনা তুঙ্গে বিজেপি শিবিরে
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে বিজেপির জেলা সভাপতি কে হবেন, বিধায়ককে জেলা সভাপতি পদে পুনর্নিয়োগ করা হবে কি না, এসব নিয়ে দলের অন্দরে জোরা চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, জেলা সভাপতি সুকুমার রায় কোচবিহার উত্তরের বিধায়ক। 
Advertisement
এবার বিজেপি ২০১৯ সালের সাংগঠনিক রদ বদলকে ধরে এগচ্ছে। সেই হিসেবে সুকুমার রায়ের আবার জেলা সভাপতি হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু বিধায়কদের দল এবার জেলা সভাপতি পদে আনবে কি না তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। কারণ জেলা সভাপতিকে দলের সাংগঠনিক দায়িত্ব নিয়ম করে পালন করতে হয়। এদিকে, বিধায়ক হলে বিধানসভায় হাজিরা দিতে হয়। নিজের এলাকাতেও কাজ করতে হয়। সেই পরিস্থিতিতে দল এবার কি সিদ্ধান্ত নেয় তা নিয়েই প্রশ্ন রয়েছে। 
যদি বিধায়ককে দলের জেলা সভাপতি করা না হয় তাহলে কোচবিহারে বিজেপির জেলা সভাপতি পরিবর্তনের বিষয়টি একপ্রকার নিশ্চিত। সেক্ষেত্রে দলের জেলা সভাপতি কে হবেন তা নিয়ে কর্মী থেকে শুরু করে জেলা নেতৃত্বের মধ্যে ব্যাপক চর্চা চলছে। 
এদিকে, দল সম্প্রতি জেলায় মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেছে। ৪৩টি মণ্ডলের মধ্যে এখনও পর্যন্ত ১৮টি মণ্ডল সভাপতির নাম তারা ঘোষণাই করতে পারেনি। ফলে জেলায় যে দল সাংগঠনিকভাবে আগের মতো চাঙ্গা নেই তা এক প্রকার পরিষ্কার। 
বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, দলের জেলা সভাপতির নাম ঘোষণা এ মাসের মধ্যেই হয়ে যাবে বলে আশা করছি। জেলায় কমিটি ঘোষণা হবে। তারপরেই বাকি মণ্ডল কমিটিও ঘোষণা হবে। সামনে বিধানসভা নির্বাচন। তাই বিধায়কদের জেলা সভাপতির দায়িত্ব নাও দেওয়া হতে পারে। সেটা হলে গোটা রাজ্যে একই হবে। তবে সেটা কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের বিষয়। আবার দল যদি মনে করে তাঁদের দায়িত্ব দেবে তাহলে তাঁরা দায়িত্ব পালন করবেন। যা হবে সেটা শীর্ষ নেতৃত্বই ঠিক করবে। 
লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে পরাজয়ের পর থেকে জেলায় বিজেপির সাংগঠনিক ভিত কার্যত নড়বড়ে হয়ে গিয়েছে। দলের কোনও কর্মসূচিতেই আর আগের মতো জনসমাগম দেখা যাচ্ছে না। দলের জেলা পার্টি অফিসেও আর আগের মতো ভিড় হয় না। অনেক নেতৃত্বই দূরত্ব বজায় রেখে চলছে। এসবের আঁচ সম্প্রতি সিতাই বিধানসভা উপ নির্বাচনে ফেলেছে। বিজেপির শোচনীয় পরাজয় হয়েছে। এই পরিস্থিতিতে জেলায় দলের সভাপতি নির্বাচনের বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ এর উপরেই আগামী দিনে কোচবিহারের মাটিতে বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে কি না তার সম্ভাবনা নির্ভর করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ