Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন চেয়ারম্যান কে, আজ বৈঠক মেখলিগঞ্জ পুরসভায়

নতুন চেয়ারম্যান কে, আজ বৈঠক মেখলিগঞ্জ পুরসভায়
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: কে হবেন মেখলিগঞ্জ পুরসভার নয়া চেয়ারম্যান? কাকে বসানো হবে সেই চেয়ারে! এই নিয়ে সোমবার দিনভর গুঞ্জন চলল  শহরজুড়ে। তবে কে নতুন চেয়ারম্যান মনোনীত হচ্ছেন, তা স্পষ্ট হবে মঙ্গলবার। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার চেয়ারম্যানের চেম্বারে কাউন্সিলারদের উপস্থিতিতে বৈঠক হবে। সেখানেই সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হবেন। যদিও অনাস্থার বিরুদ্ধে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান কেশবচন্দ্র দাস জানিয়েছেন। এদিন কেশবচন্দ্র দাস পুরসভায় তাঁর দপ্তরেও গিয়েছিলেন। তবে দপ্তর থেকে চেয়ারম্যানের ফলক সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ খবর।  মেখলিগঞ্জ পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস হয় গত শুক্রবার। ওইদিনের বৈঠকে চেয়ারম্যান কেশবচন্দ্র দাস অনুপস্থিতি ছিলেন। ওইদিন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার পক্ষে ৭ জন ভোট দেন। একজন অনাস্থার বিপক্ষে ভোট দেন। এরপরই বিষয়টি নিয়ে মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছে। ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধনচৌধুরী জানিয়েছেন, শুক্রবার ৮ জন কাউন্সিলারের মধ্যে ৭ জন চেয়ারম্যানের অনাস্থার পক্ষে সম্মতি দিয়েছেন। সব কিছু নিয়ম মেনে করা হচ্ছে। মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে কিছুদিন ধরে আলোচনা চলছিল। এই ইস্যুতে গত ২০ ডিসেম্বর চেয়ারম্যানকে আস্থা প্রমাণের চিঠি দিয়েছিলেন ৯ সদস্য বিশিষ্ট পুরসভার ৬ কাউন্সিলার। নিয়ম অনুযায়ী ১৫দিনের মধ্যে চেয়ারম্যানের বৈঠক ডেকে আস্থা প্রমাণ করার কথা ছিল। নির্দিষ্ট সময় অবধি চেয়ারম্যান কোনও বৈঠক না ডাকায় কাউন্সিলাররা ভাইস চেয়ারম্যানকে এ নিয়ে চিঠি দিলে তিনি অনাস্থার বিষয় নিয়ে শুক্রবার বৈঠক করেন। সেই বৈঠকেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়। গত বছরের আগস্টেও অনাস্থা এনে মেখলিগঞ্জের মহকুমাশাসককেও চিঠি দিয়েছিলেন ৭ কাউন্সিলার। তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ এনেছিলেন। পরে অবশ্য দলীয় চাপে সেই অনাস্থা তুলে নেন কাউন্সিলাররা। কিন্ত তারপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তবে এবার অনাস্থা পাস হয়ে যায়। যদিও তাঁর নামে মিথ্যে অভিযোগ তুলে বদনাম রটানোর চেষ্টা হচ্ছে বলে চেয়ারম্যান দাবি করেন। মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ