Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন বছরেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ব্লাডব্যাঙ্ক

নতুন বছরেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ব্লাডব্যাঙ্ক
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সবকিছু ঠিকঠাক চললে নতুন বছরেই সুখবর পেতে চলেছে শান্তিপুরবাসী। দীর্ঘদিনের চাহিদা মেনে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ব্লাডব্যাঙ্ক চালু হতে চলেছে। শুধু তাই নয়, চিকিৎসা পরিকাঠামো উন্নত করতে নতুন বছরেই এসএনসিইউ পরিষেবাও চালু হবে। সম্প্রতি বিষয়টি নিয়ে একপ্রস্থ পরিদর্শনও সেরে গিয়েছেন জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সহ জেলা স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্তারা। ব্লকের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেট জেনারেল হাসপাতাল। লক্ষাধিক মানুষ এই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল। কিন্তু নিজস্ব ব্লাডব্যাঙ্ক না থাকায় সমস্যা হচ্ছিল। দূরদূরান্তে গিয়ে রক্ত সংগ্রহ করতে হতো রোগীর পরিজনদের। নিকটবর্তী ব্লাডব্যাঙ্ক বলতে রানাঘাট মহাকুমা হাসপাতাল বা কৃষ্ণনগর অথবা নবদ্বীপ। রাতবিরেতে দুর্ঘটনার কারণে কোনও রোগীকে রক্ত দিতে হলে রীতিমতো বেগ পেতে হতো। এই সমস্যা সমাধানেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিজস্ব ব্লাডব্যাঙ্ক তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতদিন ধরে জোরকদমে কাজ চলছিল। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, ইতিমধ্যেই ব্লাডব্যাঙ্ক তৈরির কাজ শেষের পথে। সবকিছু ঠিকঠাক চললে এবং বাকি পরিকাঠামো পাওয়া গেলে নতুন বছরেই চালু হয়ে যাবে। সম্প্রতি বিষয়টি নিয়ে একপ্রস্থ পরিদর্শনে আসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস এবং ডেপুটি সিএমওএইচ-৩ রঞ্জিতকুমার দাস। একইভাবে এই হাসপাতালে এসএনসিইউ চালু হওয়ার কথা। যদিও এর পরিকাঠামোর কাজ এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। দ্রুত সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্তারা জানুয়ারি মাসের মধ্যেই এসএনসিইউ পরিষেবা চালু করার চেষ্টা করছেন। এসএনসিইউ চালু হলে সদ্যোজাত অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রানাঘাট পাঠাতে হবে না। এখানেই চিকিৎসা করা সম্ভব হবে। সিএমওএইচ বলেন, ব্লাডব্যাঙ্ক চালু করতে গেলে কিছু বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন। ইতিমধ্যেই তা নিয়ে স্বাস্থ্যভবনের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সেগুলি হাতে পাওয়ার কথা। তাই আশা করা যায় নতুন বছরের মধ্যেই আমরা শান্তিপুর হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালু করে দিতে পারব।
Advertisement
সম্পর্কিত সংবাদ