Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন বছরেই দীঘায় আয়োজিত হবে মিষ্টি উৎসব

নতুন বছরেই দীঘায় আয়োজিত হবে মিষ্টি উৎসব
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: নতুন বছরের শুরুতেই সৈকতশহর দীঘায় ‘মিষ্টি উৎসব’ আয়োজিত হতে চলেছে। ৭-৯ জানুয়ারি ‘দীঘাশ্রী’ কনভেনশন সেন্টারে এই উৎসব হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উৎসব পরিচালনার দায়িত্বে রয়েছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও রামনগরের বিধায়ক। এর আগে বৃহস্পতিবার নবান্নে দীঘায় মিষ্টি উৎসব আয়োজনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ৭ জানুয়ারি থেকে তিনদিন ধরে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির ৫০তম বর্ষপূর্তি উৎসব ও ২৪তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন হবে। সেই উপলক্ষ্যে মিষ্টি উৎসব আয়োজিত হবে। সমিতির ২৩টি জেলার ২৫হাজারের বেশি সদস্য সেখানে উপস্থিত থাকবেন। মিষ্টি তৈরির ক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রের প্রয়োজনীয়তা ও নানা উপযোগিতার কথা সম্মেলনে বিশেষভাবে তুলে ধরা হবে। সেখানে মিষ্টি তৈরির বিভিন্ন যন্ত্র সহ এই শিল্পের সহায়ক নানা সামগ্রীর ১০০টি স্টল থাকবে। এছাড়া, বেশ কিছু স্টলে বিভিন্ন জেলার নামকরা মিষ্টির পসরাও থাকবে। তার মধ্যে থাকছে জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা, কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজা, শক্তিগড়ের ল্যাংচা, বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ ও মণ্ডা প্রভৃতি। সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলার লোকশিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। স্বনির্ভর গোষ্ঠীর জিনিসপত্র বিক্রির স্টল থাকবে। মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক সঞ্জীব বণিক, উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, নতুন পদ্ধতিতে কীভাবে স্বাস্থ্যসম্মত মিষ্টি তৈরি করা যায়, তা নিয়ে সম্মেলনে আলোচনা হবে। শুধু প্রদর্শনী নয়, মিষ্টান্ন শিল্পের উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকা, মিষ্টি ব্যবসায়ীদের নানা দাবি নিয়ে আলোচনা হবে। সমিতির রাজ্য কমিটির তরফে অসীম চন্দ বলেন, আমরা  মুখ্যমন্ত্রীকে দীঘায় এই উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তাঁর আসার সুযোগ নেই। তবে তিনি উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ