নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: নতুন ইংরেজি বছর থেকে অফলাইনে সম্পত্তি কর নেওয়া বন্ধ করতে চলেছে বাঁকুড়া পুরসভা। এবার থেকে শুধুমাত্র অনলাইনেই ওই কর জমা দেওয়া যাবে। এব্যাপারে পুরসভা দ্রুত ঘোষণাও করে দেবে। সম্পত্তি কর জমা নেওয়ার জন্য পুর ভবনে থাকা কাউন্টারগুলিরও ঝাঁপ নামিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, আগে অফলাইনেই সম্পত্তি কর জমা নেওয়া হতো। কয়েকবছর ধরে অফলাইনের পাশাপাশি অনলাইনেও কর জমা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। তা জনপ্রিয়ও হয়েছে। যে কোনও জায়গা থেকে শহরের বাসিন্দারা অনলাইনে কর জমা দিতে পারেন। তারজন্য পুরসভায় আসার কোনও দরকার পড়ে না। ফলে অফলাইনে কর জমা দেওয়ার ব্যবস্থা আমরা তুলে দিতে চলেছি। ১ জানুয়ারি থেকে শুধুমাত্র অনলাইনেই সম্পত্তি কর জমা দেওয়া যাবে। পুরসভায় থাকা কাউন্টারগুলি বন্ধ করে দেওয়া হবে।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সরকারি কাজের দিনগুলিতে সম্পত্তি কর জমা নেওয়া হয়। দৈনিক ৬০-৮০ হাজার টাকা সম্পত্তি কর বাবদ বাঁকুড়া পুরসভা আদায় করে থাকে। আদায় হওয়া সম্পত্তি করের প্রায় ৬৫ শতাংশ অনলাইনে জমা পড়ে। বাকি ৩৫ শতাংশ কর নাগরিকরা সরাসরি পুরসভায় এসে কাউন্টারে জমা করেন। ফলে এখনও যে নাগরিকরা পুরোপুরি অনলাইনে সরগড় হয়েছেন, তা নয়। তার আগেই পুরসভার সব কাউন্টার বন্ধ করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও পুর কর্তৃপক্ষের যুক্তি, বর্তমানে প্রায় সকলের হাতেই স্মার্ট ফোন রয়েছে। সম্পত্তি কর দেয় এমন পরিবারগুলির অন্তত একজনের হাতে তা রয়েছেই। ফলে তা থেকে অনায়াসে ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কর মেটানো খুব একটা সমস্যার হবে না।
কীভাবে অনলাইনে জমা দেওয়া যাবে সম্পত্তি কর? সংশ্লিষ্ট বিভাগের এক পুর কর্মী বলেন, প্রথমে গুগুল হোল্ডিং বা প্রপার্টি ট্যাক্স লিখে সার্চ করতে হবে। তারপর ‘সিটিজেন এন্ট্রি’ বিভাগে ক্লিক করতে হবে। পরে নিজের জেলা, পুরসভা, ওয়ার্ড নম্বর, বাড়ির লোকেশন তথা অবস্থান, হোল্ডিং বা বাড়ির নম্বর টাইপ করলেই হবে। তারপর ইউপিআই বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সম্পত্তি কর মেটানো যাবে।