সংবাদদাতা, মেখলিগঞ্জ: নতুন শিক্ষাবর্ষের শুরুতে কোচবিহার জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধানশিক্ষক পদে নিয়োগের কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যে এগোচ্ছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। নভেম্বরের ২৫তারিখে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। তারপর ৯থেকে ১৬ডিসেম্বর আবেদনপত্র গ্রহণ করা হয়। ডিপিএসসি সূত্রে খবর, ৩০ ও ৩১ডিসেম্বর এবং নতুন বছরের জানুয়ারি মাসের ৩ ও ৪ তারিখ কাউন্সেলিং হবে। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা জানিয়েছেন, কাউন্সেলিংয়ের পরই যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।
Advertisement
এবারই রেকর্ডসংখ্যক প্রাথমিক স্কুলে একসঙ্গে স্থায়ী প্রধান শিক্ষক পদে নিয়োগ হচ্ছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে রয়েছে ২৬টি শিক্ষা সার্কেল। প্রতিটি সার্কেলের সমস্ত শূন্যপদে কেন্দ্রীয়ভাবে প্রধান শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে শিক্ষাদপ্তর। জেলায় শূন্যপদের সংখ্যা প্রায় ১১০০। জেলার ২৬টি শিক্ষা সার্কেলের মধ্যে একটি শিক্ষা সার্কেল হল মেখলিগঞ্জ। মেখলিগঞ্জ শিক্ষা সার্কেলে প্রাথমিক স্কুলের সংখ্যা ৬৪টি। এরমধ্যে ৩৭টি স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত শিক্ষক দিয়েই স্কুলগুলি চলছে। বুধবার প্রকাশিত খসড়া তালিকা অনুসারে, এই সার্কেলের জন্য আবেদনপত্র জমা পড়েছে ৪৯টি। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি অশেষ বসাক বলেন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষ প্রধান শিক্ষক নিয়োগের জন্য নভেম্বরে বিজ্ঞপ্তি জারি করে। সেই মোতাবেক সার্কেল ভিত্তিক শূন্যপদ পূরণের জোর তৎপরতা চলছে। আবেদনপত্র গ্রহণ শেষ হয়েছে। নতুন শিক্ষাবর্ষের শুরুতে স্থায়ী প্রধান শিক্ষক পাচ্ছে জেলার এক হাজারের বেশি প্রাথমিক স্কুল। এই নিয়োগের ফলে সিংহভাগ স্কুলে প্রধান শিক্ষকের সমস্যা মিটে যাবে বলে শিক্ষকদের আশা।



