Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন বছরে ভারতের সঙ্গে বাংলাদেশ ও ভুটানের বাণিজ্যের গতি আরও বাড়বে, আশায় ব্যবসায়ীরা

নতুন বছরে ভারতের সঙ্গে বাংলাদেশ ও ভুটানের বাণিজ্যের গতি আরও বাড়বে, আশায় ব্যবসায়ীরা
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: মাস কয়েক আগে বাংলাদেশে টালমাটাল পরিস্থিতির কারণে বৈদেশিক বাণিজ্যে প্রভাব পড়েছিল। কিন্তু বর্তমানে সেই মন্দা অবস্থা কাটিয়ে ভারত-বাংলাদেশ এবং ভারত-ভুটান বৈদেশিক বাণিজ্যের গতি অনেকটাই বেড়েছে। নতুন বছরে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন ভারতীয় ব্যবসায়ীরা। 
Advertisement
কিছুদিন আগেও কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্যে ব্যাপক ধস নেমে এসেছিল। কিন্তু বর্তমানে এই বাণিজ্যের মাত্রা বেড়েছে অনেকটাই। নতুন বছরে বাণিজ্য নিয়ে অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীদের একাংশ। তাঁদের আশা, দ্রুত বাণিজ্যিক পরিস্থিতি বদল হচ্ছে। ইংরেজি বছরের শেষদিনও চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে পণ্য রপ্তানি ও আমদানি হয়েছে। এদিনের বাণিজ্যের মাত্রা ছিল বেশ ভালোই। পাশাপাশি চালু রয়েছে যাত্রী পারাপারও। 
তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য যাত্রী পারাপার অনেকটাই কমে গিয়েছে। যাত্রী পারাপার কমলেও স্বাভাবিকের তুলনায় বাণিজ্য বেশি মাত্রায় হচ্ছে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিন চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭৬টি ট্রাক পণ্য বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। ভুটান থেকে ১৮৯টি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে গিয়েছে। পাশাপাশি ভারতে ৪২টি ট্রাক পণ্য বাংলাদেশ থেকে আমদানি হয়েছে। বাংলাদেশ থেকে ভুটানে গিয়েছে ১৬টি পণ্যভর্তি ট্রাক। 
চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু ও সম্পাদক উত্তম সরকার বলেন, এদিন চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত ও ভুটানের আমদানি-রপ্তানি বাণিজ্য ভালোই হয়েছে। সব মিলিয়ে এদিন ৩২৩টি ট্রাক পণ্য নিয়ে যাতায়াত করেছে। 
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশে উত্তাল পরিস্থিতির সময়ে প্রায় ৩০ কোটি টাকার বাণিজ্যের ক্ষতি হয়েছিল। বিপাকে পড়েন সীমান্তের মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে জড়িত মানুষজন। কারণ এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে ছয় শতাধিক মানুষ পাসপোর্ট নিয়ে যাতায়াত করলেও, সেই সংখ্যাও বর্তমানে অনেক কমে গিয়েছে। যাত্রী পারাপার কমে যাওয়াতে তাঁদের ব্যবসাতেও মন্দা নেমে এসেছে। 
কোচবিহার জেলা পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিকভাবে বৈদেশিক বাণিজ্য চলছে। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো সহ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ