সংবাদদাতা, তুফানগঞ্জ: রবিবার পুকুরে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার নাটাবাড়ি ১ পঞ্চায়েতের দেবোত্তর চাড়ালজানি গ্রামে। পুলিস জানিয়েছে, মৃত কিশোরীর নাম নমিতা দাস (১৪)। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির পাশে পকুরের ধারে বসেছিল ওই কিশোরী। দীর্ঘদিন থেকে সে রোগে ভুগছিল। পরে পুকুরের জলে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে নাটাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনাটি পুলিস খতিয়ে দেখছে। অন্যদিকে, রবিবার দুপুরে তুফানগঞ্জ শহরের ৬ নম্বর ওয়ার্ডের গোডাউন মোড় সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিস। এরপর তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম শ্যামল কর্মকার (৫৩)। তাঁর বাড়ি অন্দরান ফুলবাড়ি ১ পঞ্চায়েতের ইটভাটা কলোনিতে। একটি অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



