সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়া ব্লকে আগত পর্যটকদের সুবিধার জন্য পুলিসি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। জানা গিয়েছে, থানা এলাকার পর্যটন কেন্দ্র গড় পঞ্চকোট এবং সড়বড়ি মোড়ে দুটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। পর্যটকদের যে কোনও সমস্যা দূর করতে সহায়তা কেন্দ্রের পুলিস কর্মীরা এগিয়ে আসবেন।
Advertisement
জানা গিয়েছে, শীত পড়তেই পুরুলিয়ায় পর্যটকদের আগমন বেড়েছে। নিতুড়িয়ার গড় পঞ্চকোট পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ছে। তাই ওই এলাকায় পর্যটকরা যাতে কোনও সমস্যায় না পড়ে সেজন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। অন্যদিকে সড়বড়ি মোড় থেকে গড় পঞ্চকোট, পাঞ্চেৎ জলাধার, সাঁতুড়ির বড়ন্তি, রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়, তেলকূপি, বাঁকুড়ার বিহারীনাথ সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র যাওয়ার রাস্তা রয়েছে। তাই পর্যটকদের দিক নির্দেশের জন্য এবং অন্যান্য সমস্যায় সহায়তা করার জন্য কেন্দ্রটি খোলা হয়েছে। পুলিস জানিয়েছে, কোনও পর্যটক সমস্যায় পড়লে ফোন করলেই পুলিস পৌঁছে যাবে। তার জন্য বিশেষ দুটি নম্বর চালু করা হয়েছে।



