নয়াদিল্লি: চিকিৎসকদের স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষায় (নিট পিজি) ডোমিসাইল শংসাপত্রের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক। অর্থাৎ স্টেট কোটা বাতিলের ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দা হওয়ার সূত্রে বাড়তি সুবিধা ভোগের এই বিষয়টি মোটেই যুক্তিসঙ্গত নয়। এটি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের সাম্যের অধিকারকে লঙ্ঘন করে। বুধবার এমনই রায় দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায়, সুধাংশু ধুলিয়া ও এস ভি এন ভাট্টির বেঞ্চ জানিয়েছে, এভাবে নিজেদের বাসস্থানের ভিত্তিতে অগ্রাধিকার পাওয়ার বিষয়টি কয়েকজনের ক্ষেত্রে সুবিধাজনক হতে পারে। কিন্তু সার্বিকভাবে সমান অধিকার পাওয়ার ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে সবার একটাই ঠিকানা ভারত। তাঁদের দেশের যে কোনওপ্রান্তে থাকার, চাকরি করার এবং শিক্ষা অর্জনের সুবিধা রয়েছে। তবে আদালতের স্পষ্ট বার্তা, ইতিমধ্যেই যে সব ডোমিসাইল শংসাপত্র মঞ্জুর হয়েছে, রায়ের কোনও কোনও প্রভাব তার উপর পড়বে না।



