সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার নিতুড়িয়া ব্লক কৃষি দপ্তরের তরফ থেকে নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস পালন করা হয়। এদিন আনুষ্ঠানিক ভাবে ব্লক কৃষি দপ্তরে দিনটি পালন করা হয়। পাশাপাশি নিতুড়িয়া ব্লক প্রাঙ্গণ থেকে একটি সচেতনতার বার্তা নিয়ে পদযাত্রা করা হয়। নিতুড়িয়া কিষাণ মান্ডিতে গিয়ে পদযাত্রাটি শেষ হয়। পদযাত্রায় নিতুড়িয়ার বিডিও প্রবীর কুমার সিনহা, ব্লক সহ -কৃষি অধিকর্তা পরিমল বর্মন, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক কৌশিক সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে যথেচ্ছভাবে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো আইনত নিষিদ্ধ করা হয়েছে। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এবং সমগ্র জীবজগতের কথা ভেবে দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে নাড়া পোড়ানো বন্ধ রাখা প্রয়োজন। না পুড়িয়ে তাকে পরিবেশ বান্ধব উপায়ে লাভজনকভাবে ব্যবহার করা সম্ভব। তাই এদিন ১৫০ জন প্রগতিশীল কৃষকবন্ধুকে ক্ষতিকারক দিকগুলি বোঝানো হয়। বাঘমারার কৃষক বিনয় সরেন, চাকলতাবাড়ীর কৃষক আশীষ মণ্ডল, পাহাড়ীগোড়ার নয়ন বাউরি বলেন, নাড়া বা ফসলের অবশিষ্টাংশ না পুড়িয়ে কিভাবে কাজে লাগানো সম্ভব এদিন তা জানানো হয়েছে।পরিমলবাবু বলেন, নাড়া বা ফসলের অবশিষ্টাংশ পোড়ানো হলে প্রচুর ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। যা পরিবেশের প্রচুর ক্ষতি করে। তাই খড়কে বিভিন্ন পরিবেশবান্ধব কাজে ব্যবহার করা সম্ভব হয়। পাশাপাশি খড়ের অবশিষ্টাংশ জমিতে পচিয়ে সারের কাজে ব্যবহার করা সম্ভব।



